Ad
x
১৪ সদস্যের নতুন পর্ষদ

উদ্যোক্তাদের হাতে ফিরল আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা

বুধবার, ১৫ জুলাই ২০২৬   প্রিন্ট   ৫১ বার পঠিত

উদ্যোক্তাদের হাতে ফিরল আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনার দায়িত্ব আবারও ব্যাংকটির উদ্যোক্তা ও মূল মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির আর্থিক অবস্থার দৃশ্যমান উন্নতির প্রেক্ষাপটে স্বতন্ত্র পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে ১৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক নতুন এই পর্ষদ অনুমোদন করে। নতুন বোর্ডে ১২ জন উদ্যোক্তা পরিচালক এবং ২ জন স্বতন্ত্র পরিচালক রয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত দুই বছরে পুনর্গঠনের আওতায় আনা ১৬টি ব্যাংকের মধ্যে অধিকাংশের ক্ষেত্রেই আগের উদ্যোক্তাদের সক্রিয়ভাবে পাওয়া যায়নি। তবে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আর্থিক সূচকে উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় ব্যাংকটির পরিচালনার দায়িত্ব আবারও উদ্যোক্তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

নতুন পরিচালনা পর্ষদে চট্টগ্রামভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান কেডিএস গ্রুপের উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব রয়েছে। পর্ষদে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ এবং কেডিএস টেক্সটাইলস মিলস লিমিটেডের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ স্থান পেয়েছেন।

এ ছাড়া পরিচালনা পর্ষদে রয়েছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, সেলিম রহমান, আলহাজ আহামেদুল হক, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, মোহাম্মদ আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী, মো. এনায়েত উল্লাহ এবং কে ওয়াই স্টিল মিলস লিমিটেডের প্রতিনিধি পরিচালক মোহাম্মদ শরিফ উদ্দিন তসলিম।

এর আগে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের তৎকালীন পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। সে সময় এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে খাজা শাহরিয়ারকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের একটি স্বতন্ত্র পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছিল। ওই পর্ষদের অন্য সদস্যরা ছিলেন মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান।

প্রায় দুই বছর স্বতন্ত্র পরিচালনা পর্ষদের অধীনে পরিচালিত হওয়ার পর ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি এবং পরিচালনায় স্থিতিশীলতা ফিরে আসায় নিয়ন্ত্রক সংস্থা পুনরায় উদ্যোক্তাদের হাতে ব্যাংকটির দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তকে ব্যাংকটির স্বাভাবিক করপোরেট পরিচালনায় প্রত্যাবর্তনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

Posted ০৭:২৬ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com