Ad
x

ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

বুধবার, ১৫ জুলাই ২০২৬   প্রিন্ট   ৮৩ বার পঠিত

ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স পরিচালনায় পর্ষদের বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম,দুর্নীতি , আইন ও বিধি লঙ্ঘনের অভিযোগ আগামী ২৬ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব অভিযোগ কেন আমলে নেয়া হবে না জানতে চেয়ে অভিযোগ সংম্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গত ৯ জুলাই বিচারপতি মো. তৌফিক ইনামের একক বেঞ্চ কোম্পানি আইন ১৯৯৪-এর ২৩৩ ধারায় ইসলামী ইন্স্যুরেন্সের ভুক্তভোগী উদ্যোক্তা পরিচালকদের পক্ষে দায়ের করা এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট তনয় কুমার সাহা।

তিনি জানান, আদালত আবেদনটি তাৎক্ষণিকভাবে গ্রহণ না করলেও আবেদনকারীদের উত্থাপিত অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট বিবাদীদের জবাব দিতে নির্দেশ দেন।
একই সঙ্গে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে ইসলামী ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালকদের পক্ষে ৩০ জুন দাখিল করা অভিযোগপত্র চলতি বছরের ২৬ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করে আদালতে হলফনামার মাধ্যমে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটি ২৭ অক্টোবর পরবর্তী আদেশের জন্য কার্যতালিকায় রাখা হয়েছে।

ইসলামী ইন্স্যুরেন্সের ভুক্তভোগী উদ্যোক্তা পরিচালকদের পক্ষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে গত ৩০ জুন দেয়া পত্রে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ব্যাপক আর্থিক অনিয়ম, দুর্নীতি, চরম অব্যবস্থাপনা,বেআইনি পরিবারতান্ত্রিক একছত্র নিয়ন্ত্রণ এবং বীমা আইন ও বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে অবিলম্বে বিধিবদ্ধ প্রশাসনিক হস্তক্ষেপ এবং পরিচালনা পর্ষদ পুনর্গঠনে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়।

২০১২ সাল থেকে কোম্পানির পরিচালনা পর্ষদে বিভিন্ন ধরনের অনিয়ম ও সুশাসনের ঘাটতি রয়েছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, যথাযথ প্রক্রিয়া অনুসরণ ছাড়াই কিছু উদ্যোক্তা পরিচালককে অপসারণ, একই পরিবারের একাধিক সদস্যকে পরিচালনা পর্ষদে যুক্ত করা, অতিরিক্ত শেয়ার ধারণ, কোম্পানির অর্থ ব্যবহারে অনিয়ম, বোর্ড সভা ও মিটিং ফি সংক্রান্ত অসঙ্গতি, আর্থিক প্রতিবেদনে সমস্যা এবং শরিয়াহ কাউন্সিলের কার্যক্রমে ঘাটতির মতো বিষয় রয়েছে।

এছাড়া বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে বিদেশ থেকে ডিজিটাল মাধ্যমে কোম্পানির কার্যক্রম পরিচালনার অভিযোগও আনা হয়েছে। এসব বিষয়ে তদন্ত, পরিচালনা পর্ষদ পুনর্গঠন, অপসারিত উদ্যোক্তা পরিচালকদের পুনর্বহাল এবং ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত আর্থিক কার্যক্রমের ফরেনসিক অডিটের দাবি জানানো হয়েছে।#

Facebook Comments Box

Posted ০৯:১০ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com