নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ প্রিন্ট ১৪ বার পঠিত
বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বৈধ ও হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ‘এ৩’ ভিসাসহ অন্যান্য কর্মসংস্থানভিত্তিক ভিসায় কর্মরত বিদেশিদের প্রচলিত গ্রাহক পরিচিতি যাচাই বা কেওয়াইসি বিধি যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করা হয়। এতে দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সার্কুলারে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে বলা হয়েছে, বাংলাদেশে কর্মরত কোনো বিদেশি নাগরিকের ব্যাংক হিসাব খোলার আগে তার ওয়ার্ক পারমিটের মেয়াদ ও বৈধতা যাচাই করতে হবে। বৈধ ও হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকলে প্রচলিত কেওয়াইসি বিধি পরিপালন সাপেক্ষে হিসাব খোলার কার্যক্রম সম্পন্ন করা যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২৯ এপ্রিল এক পরিপত্রের মাধ্যমে বাংলাদেশে ‘এ৩’ ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের বিষয়টি স্পষ্ট করেছে। এ ধরনের বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছ থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। নির্ধারিত মেয়াদ শেষ হলে সেটি নবায়ন করারও বিধান রয়েছে।
অনেক ওয়ার্ক পারমিটে ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের শর্ত উল্লেখ থাকে। ফলে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার সুযোগ না দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তবে এই নির্দেশনা শুধু ‘এ৩’ ভিসাধারীদের মধ্যে সীমাবদ্ধ নয়। অন্যান্য কর্মসংস্থানভিত্তিক ভিসায় বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এসব ভিসার আওতায় কর্মরত ব্যক্তিদের ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যাংককে প্রথমে তাদের ওয়ার্ক পারমিটের বৈধতা ও মেয়াদ যাচাই করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার ফলে বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলা ও বেতন-ভাতা পরিশোধের ক্ষেত্রে নথিপত্র যাচাই আরও কঠোর হবে। একই সঙ্গে অবৈধভাবে কর্মরত বিদেশিদের ব্যাংকিং সুবিধা নেওয়ার সুযোগ সীমিত করার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকের পরিচয় ও বৈধতা যাচাইয়ের প্রক্রিয়াও আরও জোরদার হবে।
Posted ০৮:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com