|

Advertisement
×

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ২৫ বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের বৈধতা নিয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৬ সেপ্টেম্বর) রিটটির প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন।

আদালত সূত্রে জানা যায়, আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে সরিয়ে দিয়ে তার মেয়াদের অবশিষ্ট সময় বাতিল এবং নতুন গভর্নর নিয়োগের বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত ৫ মার্চ হাইকোর্টে রিট আবেদনটি করা হয়।

রিটে অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংক এবং নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমানকে বিবাদী করা হয়েছিল। আবেদনে আহসান এইচ মনসুরকে অপসারণ করে নতুন গভর্নর নিয়োগের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়।

একই সঙ্গে আহসান এইচ মনসুরকে অপসারণ এবং মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগের বিষয়ে জারি করা পৃথক গেজেটের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল।

২০২৪ সালের ১৪ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। দায়িত্ব নেওয়ার পর তার নেতৃত্বে দেশের ব্যাংকিং খাতে সংস্কার ও বিভিন্ন কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়।

নিয়োগের শর্ত অনুযায়ী, আহসান এইচ মনসুরের গভর্নর হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ ২০২৮ সালের আগস্ট পর্যন্ত নির্ধারিত ছিল। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

গত ২৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে। এর একটিতে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্য প্রজ্ঞাপনে আহসান এইচ মনসুরের গভর্নর পদে থাকা অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

এই সিদ্ধান্তের বৈধতা নিয়েই পরে হাইকোর্টে রিট আবেদন করা হয়। তবে প্রাথমিক শুনানি শেষে আদালত রিটটি সরাসরি খারিজ করে দেওয়ায় গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানের নিয়োগের বিরুদ্ধে করা ওই আইনি চ্যালেঞ্জ আর এগোলো না।

আহসান এইচ মনসুরের মেয়াদ বাতিল ও নতুন গভর্নর নিয়োগকে কেন্দ্র করে এর আগে অর্থনীতি ও ব্যাংকিং খাতে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নির্ধারিত মেয়াদ, তাকে অপসারণের প্রক্রিয়া এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। রোববারের হাইকোর্টের আদেশের মধ্য দিয়ে এ বিষয়ে করা রিট আবেদনটির বিচারিক কার্যক্রমের অবসান হলো।

Facebook Comments Box

Posted ০৭:২১ অপরাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com