নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৭৫ বার পঠিত
নির্ধারিত ট্যারিফ রেট লঙ্ঘন করে কম প্রিমিয়ামে পলিসি ইস্যু করার সুনির্দিষ্ট অভিযোগে শীর্ষস্থানীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান ‘গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি’-র মেরিন (কার্গো) উপশ্রেণির বীমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে কেন প্রতিষ্ঠানটির এই উপশ্রেণির নিবন্ধন স্থায়ীভাবে বাতিল বা স্থগিত করা হবে না, তার সন্তোষজনক জবাব আগামী ৩০ দিনের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর ২০২৬) আইডিআরএ-এর রেটিং শাখার নন-লাইফ অনুবিভাগ থেকে জারিকৃত এক অফিসিয়াল চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। আইডিআরএ-এর পরিচালক (রেটিং, অডিট ও জরিপ) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয় যে, গত ২ নভেম্বর ২০২৬ তারিখে আইডিআরএ-এর একটি বিশেষ পরিদর্শন দল গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে সরেজমিন পরিদর্শন চালায়। এ সময় দেখা যায় যে, ২০২৬ সালে বিভিন্ন বীমা পলিসি ইস্যু করার ক্ষেত্রে নির্ধারিত মেরিন ট্যারিফ (কার্গো) রেট উল্লেখযোগ্য হারে কমিয়ে এবং বিভিন্ন হারে প্রিমিয়াম অবনমন করে রেট প্রদান করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, এ ধরনের কার্যক্রম বীমা আইন, ২০১০-এর ধারা ৬০ এবং আইডিআরএ কর্তৃক জারিকৃত সার্কুলার নং নন-লাইফ ৮৩/২০২১-এর স্পষ্ট লঙ্ঘন।
পরিস্থিতি বিবেচনায় বীমা আইন, ২০১০-এর ধারা ১০(১) অনুযায়ী কেন কোম্পানিটির মেরিন (কার্গো) উপশ্রেণির নিবন্ধন স্থগিত বা বাতিল করা হবে না, তার লিখিত জবাব আগামী ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষ বরাবর জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি, আইনটির ধারা ১০(২) অনুযায়ী বিধি লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিকভাবে ৩ (তিন) মাসের জন্য কোম্পানিটির মেরিন (কার্গো) উপশ্রেণির সমস্ত বীমা ব্যবসা পরিচালনার ওপর স্থগিতাদেশ আরোপ করা হলো।
এ বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মুখপাত্র সাদিক আরমান জানান, বীমা বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা এবং সাধারণ বীমা গ্রহীতাদের স্বার্থ সুরক্ষার স্বার্থেই আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এমন কঠোর নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আইন অনুযায়ী কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে এবং প্রাথমিক লঙ্ঘন প্রমাণিত হওয়ায় মেরিন কার্গো উপশ্রেণির ব্যবসা তিন মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব ও উপযুক্ত ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বিশেষজ্ঞদের মতে, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের মতো শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে আইডিআরএ পরিষ্কার বার্তা দিয়েছে যে, নিয়মের ব্যত্যয় ঘটালে কাউকেই ছাড় দেওয়া হবে না। পরিদর্শনের মাত্র কয়েক দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ ও তিন মাসের স্থগিতাদেশ জারির এই দ্রুত পদক্ষেপ প্রমাণ করে যে, বীমা বাজারের শৃঙ্খলা বজায় রাখতে এবং শৃঙ্খলাবিরোধী সিন্ডিকেট ভাঙতে আইডিআরএ এখন অনেক বেশি সোচ্চার ও কঠোর অবস্থানে রয়েছে। দীর্ঘকাল ধরে কিছু অসাধু প্রতিষ্ঠানের কারণে প্রিমিয়াম যুদ্ধ বা ‘রেট কাটিং’-এর সংস্কৃতি বীমা খাতকে ভেতর থেকে দুর্বল করে আসছিল। আইডিআএ’র এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ দীর্ঘমেয়াদে বীমা খাতের জন্য সুফল বয়ে আনবে। খাত সংশ্লিষ্টদের মতে, লাইসেন্সধারী প্রতিটি কোম্পানি যদি ট্যারিফ রেট মেনে ব্যবসা পরিচালনা করে, তবে বাজারে সুস্থ প্রতিযোগিতা ফিরে আসবে এবং সাধারণ মানুষের মাঝে বীমা নিয়ে ইতিবাচক ধারণা ও আস্থা আরও সুদৃঢ় হবে।
Posted ০৪:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন