Ad
x
তারল্য বাড়াতে একশ কোটি ডলারের বন্ড

পুঁজিবাজার গতিশীল করতে সহায়ক হবে

বুধবার, ২৭ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৯৩১ বার পঠিত

পুঁজিবাজার গতিশীল করতে সহায়ক হবে

পুঁজিবাজারে তারল্যের জোগান বাড়াতে একশ কোটি মার্কিন ডলার বা সাড়ে ৮ হাজার কোটি টাকার বন্ড ইস্যু করবে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এরই মধ্যে এ বন্ডে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সুইজারল্যান্ডের একটি ব্যাংক।

সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্তে বলা হয় এ বন্ডের কুপন হার হবে ৩ শতাংশ। এর মাধ্যমে আইসিবি যে অর্থ সংগ্রহ করবে, তার মধ্যে তিন হাজার কোটি টাকা প্রতিষ্ঠানটি তার উচ্চ সুদের ঋণ পরিশোধে ব্যয় করবে। চার হাজার কোটি টাকা পুঁজিবাজারের ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বল্প সুদে ঋণ হিসেবে বিতরণ করবে। যাতে ঋণদাতা ওই সব প্রতিষ্ঠান স্বল্প সুদে ঋণ নিয়ে গ্রাহকদের দিতে পারে। এর বাইরে বাকি টাকা পুঁজিবাজারে বিনিয়োগের জন্য রাখবে আইসিবি।

বন্ডটি ইস্যু হলে পুঁজিবাজারের ঋণদাতা প্রতিষ্ঠানগুলো আইসিবির কাছ থেকে স্বল্প সুদে ঋণ নিতে পারবে। সেই ঋণ বিএসইসির বেঁধে দেয়া সর্বোচ্চ ১২ শতাংশ সুদে গ্রাহকের মধ্যে বিতরণ করতে পারবে। এ ছাড়া আইসিবি তার উচ্চ সুদের ঋণ শোধ করলে, তাতে প্রতিষ্ঠানটির সক্ষমতা অনেক বেড়ে যাবে।

জানা যায়, গত বছরের ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৎকালীন বিএসইসির চেয়ারম্যান খায়রুল হোসেনের বৈঠকে পুঁজিবাজারকে গতিশীল করতে ছয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সেই ছয় নির্দেশনার মধ্যে দ্বিতীয়টি ছিল মার্চেন্ট ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সহজশর্তে ঋণ সুবিধার বিষয়টি পর্যালোচনা করা। তৃতীয় নির্দেশনা ছিল আইসিবির বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি করা।

প্রধানমন্ত্রীর এ দুই নির্দেশনার আলোকে আইসিবির বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি ও বাজারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করতে আইসিবির পক্ষ থেকে এ বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বিএসইসি পুঁজিবাজারেও ঋণের সুদহার সর্বোচ্চ ১২ শতাংশ বেঁধে দিয়েছে। সব মিলিয়ে এ সিদ্ধান্ত দেশের পুঁজিবাজার গতিশীল করতে সহায়ক হবে আশা করা যায়।

Facebook Comments Box

Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com