|

Advertisement
×
বায়রা লাইফের প্রশাসককে অব্যাহতি

শর্ত সাপেক্ষে কোম্পানি পরিচালনায় নতুন পর্ষদ

মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ৪৩৭ বার পঠিত

শর্ত সাপেক্ষে কোম্পানি পরিচালনায় নতুন পর্ষদ

বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রশাসককে অব্যাহতি দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একইসঙ্গে কোম্পানির কার্যক্রম পরিচালনার জন্য শর্ত সাপেক্ষে নতুন পরিচালনা পর্ষদের কাছে কোম্পানিটি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে আইডিআরএ। আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।

আইডিআরএ’র পরিচালক (উপসচিব) মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, বীমা আইন ২০১০ এর ৯৯ ধারা মোতাবেক বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রশাসক মো. হুমায়ুন কবিরকে প্রশাসকের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক প্রশাসকের মেয়াদের অবসান প্রদান করা হলো, যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

চিঠির তথ্য মতে, প্রশাসককে অব্যাহতি প্রদান করায় কোম্পানির সকল কার্যক্রম পরিচালনার জন্য নতুন পরিচালনা পর্ষদের নিকট কোম্পানিটি হস্তান্তর করা হচ্ছে। এক্ষেত্রে নতুন পরিচালনা পর্ষদকে প্রশাসকের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, কোম্পানির ঘাটতি ৪৫ কোটি টাকা পর্যায়ক্রমে পুনর্ভরণসহ ১৪টি শর্ত আরোপ করা হয়েছে। শর্তগুলো হলো-
১) গত ২৭ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত শুনানির সিদ্ধান্ত মোতাবেক কোম্পানির নতুন পরিচালনা পর্ষদ কর্তৃক প্রশাসকের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা জরুরি ভিত্তিতে প্রত্যাহার করতে হবে।

২) পুরাতন পর্ষদকে কোম্পানির ঘাটতি ৪৫ কোটি টাকা পর্যায়ক্রমে পুনর্ভরণ করতে হবে।

৩) কোম্পানির আর্থিক বিবরণী সম্পর্কিত তথ্যাদি উদ্ঘাটনে অডিট ফার্মের কার্যক্রম চলমান রাখতে হবে।

৪) ইতোপূর্বে নিরীক্ষণকৃত অভিযোগ শুনানি সাপেক্ষে নিষ্পত্তি করতে হবে।

৫) স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে দ্রুত বীমা দাবি নিষ্পত্তি করতে হবে।

৬) এক বছরের যে পুনরুদ্ধার পরিকল্পনা (রেসকিউ প্ল্যান) প্রদান করা হয়েছে তার অগ্রগতি প্রতি ১ মাস অন্তর অন্তর কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হবে।

৭) অতি দ্রুত একজন দক্ষ এবং গ্রহণযোগ্য সিইও নিয়োগ করতে হবে।

৮) এক বছরের মধ্যে যদি কোম্পানির দায়সহ অন্যান্য বিষয়াদি নিষ্পত্তি না হলে কর্তৃপক্ষ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

৯) পূর্বে সংঘটিত অনিয়মসমূহের নিষ্পত্তি এবং এর পুনরাবৃত্তি যাতে না ঘটে সেমতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১০) কর্তৃপক্ষ কর্তৃক পূর্বে আরোপিত জরিমানা প্রয়োজনে কিস্তির সুবিধা নিয়ে পরিশোধ করতে হবে।

১১) পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (আইন)কে নিয়োজিত করা হল এবং তিনি কর্তৃপক্ষের হয়ে নির্দেশনা প্রদান করবেন।

১২) জমি ক্রয় করে কোম্পানির যে ক্ষতিসাধন করা হয়েছে, উক্ত ক্ষতির জন্য জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। তাছাড়া কোম্পানির অর্থে সম্পদ কিনে কোম্পানি ব্যতিত অন্য যে ব্যক্তির নামে ফ্ল্যাট/ফ্লোর দলিল সম্পাদন করা হয়েছে কোম্পানির নামে উক্ত সম্পদ পুনরুদ্ধারে অভিযোগটি নিষ্পত্তি করতে প্রয়োজনে মামলা দায়ের করতে হবে।

১৩) পূর্বে সংঘটিত দুর্নীতির মাধ্যমে কোম্পানির যে পরিমাণ অর্থের ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারে বর্তমান পরিচালনা পর্ষদ, পূর্বোক্ত পরিচালনা পর্ষদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

১৪) ‘ক’ থেকে ‘দ’ এ উল্লেখিত শর্তাদি অনুযায়ী কোম্পানির নতুন পরিচালনা পর্ষদকে পত্র প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে ৩শ’ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করতে হবে।

এর আগে ২০২০ সালের ২৮ জুন বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ বাতিল করে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। একইসঙ্গে কোম্পানিটি পরিচালনায় বীমা আইন ২০১০ এর ৯৫ ধারা মোতাবেক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মনোনয়নের প্রেক্ষিতে ভূতপূর্ব যুগ্ম সচিব হুমায়ুন কবিরকে প্রশাসক নিয়োগ করে কর্তৃপক্ষ।

এদিকে ২০১৯ সালের ৭ অক্টোবর বীমা দাবি পরিশোধ না করাসহ ১২টি অভিযোগে বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নতুন পলিসি ইস্যু সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোম্পানিটি আর কোন পলিসি ইস্যু করতে পারবে না বলে উল্লেখ করা হয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওই নির্দেশে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com