|

Advertisement
×

ক্যামেলকো সম্মেলনের সুপারিশসহ প্রতিবেদন পেশ করেছে সাধারণ বীমা করপোরেশন

বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ৪২৫ বার পঠিত

ক্যামেলকো সম্মেলনের সুপারিশসহ প্রতিবেদন পেশ করেছে সাধারণ বীমা করপোরেশন

প্রতিবারের মতো সফলভাবে সমাপ্ত হয়েছে ক্যামেলকো সম্মেলন-২০২১।

অর্থনীতির অন্যান্য খাতের মতো বীমাখাতেও যাতে মানিলন্ডারিংয়ের মতো ঘটনা না ঘটে সেজন্য যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল মানিলন্ডারিং-সংক্রান্ত নানা সমস্যা ও উত্তরণের দিকনির্দেশনা বের করা।

মানিলন্ডারিংয়ের পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন সংক্রান্ত ঝুঁকি ও এর নিরসনের উপায় এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনের লক্ষ্যে কাজ করা। এ লক্ষ্যে আইডিআরএ’র দফতরে সম্মেলনের কার্যবিবরণীর সারসংক্ষেপসহ গৃহিত সুপারিশসমূহ পেশ করেছে সাধারণ বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার বিবেকানন্দ সাহা।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান (দায়িত্বপ্রাপ্ত) মো. মাসুদ বিশ্বাস, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ হারুন পাশা, আইডিআরএ’র সদস্য মইনুল ইসলাম ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন, এফসিএ। উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। সম্মেলন বিএফআইইউ’র মহাব্যবস্থাপক এ.বি.এম. জহুরুল হুদা ও অন্যান্য কর্মকর্তারা, আইডিআরএ’র সংশ্লিষ্ট কর্মকর্তারা, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক, বেশ কয়েকটি বীমা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বাংলাদেশে কর্মরত সকল বীমা প্রতিষ্ঠানসমূহের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালনকারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম বলেন, অর্থ ছাড়া জগত সংসার যেমন অচল তেমন অর্থই অনর্থের মূল; আর সেখানে অবৈধ অর্থ যুক্ত হলে তা দেশ ও অর্থনীতির জন্য বিশাল সমস্যা। অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রতিশ্রুতিশীল সেক্টর হিসেবে বীমাখাত যেন মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের মাধ্যমে কলুষিত হতে না পারে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার জন্য তিনি আহ্বান জানান।

বিশেষ অতিথি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী সাম্প্রতিক সময়ে পত্রপত্রিকায় বীমাখাত সম্পর্কিত বিরুপ খবর প্রকাশ এ খাতের জন্য সুখকর নয় বলে মন্তব্য করেন। এছাড়াও বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে মানিলন্ডারিং এর ঘটনা ঘটতে পারে বিধায় এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেন।

বিশেষ অতিথি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান (দায়িত্বপ্রাপ্ত) মো. মাসুদ বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন, ২০১৫ সালে এপিজির মূল্যায়নে বাংলাদেশ কমপ্লায়েন্ট কান্ট্রির মর্যাদা লাভ করেছে। তদুপরি কিছু সুপারিশের ক্ষেত্রে বীমাসহ অন্যান্য রিপোর্ট প্রদানকারী সংস্থাকে আরও কার্যকরী ভূমিকা রাখার জন্য এপিজি কর্তৃক পরামর্শ দেয়া হয়েছে। তিনি বীমা সেক্টরের চিহ্নিত দুর্বলতাসমূহ দূর করার জন্য কাঠামোগত উন্নয়নের পাশাপাশি এফএটিএফ’র সুপারিশসমূহ, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, সন্ত্রাস বিরোধী আইন, বিএফআইইউ কর্তৃক জারীকৃত মাস্টার সার্কুলার, গাইডেন্স নোটস ও ইউনিফর্ম কি প্রোফাইল ফর্ম বিষয়ক বিভিন্ন নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করার আহবান জানান। তিনি যে সকল ক্ষেত্রে মানিলন্ডারিং এর সুযোগ রয়েছে সে সকল ক্ষেত্রে যথাযথ ডিউ ডেলিগ্যান্স করার উপরও জোর দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ হারুন পাশা তার বক্তব্যে বাংলাদেশের বীমাখাত সংশ্লিষ্ট প্রতিটি ব্যক্তি কর্তৃক তার পারিবারিক ও সামাজিক জীবনের গণ্ডি পেরিয়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে শুদ্ধাচারের পরিপালন নিশ্চিত করলে তা বীমাখাতকে মানিলন্ডারিংয়ের বিরূপ প্রভাব থেকে মুক্ত রাখাসহ সামগ্রিকভাবে সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে সহায়ক হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন ।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ তার বক্তব্যে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে উন্নীত করার লক্ষ্যে জিডিপিতে বীমাখাতের অবদান বৃদ্ধি করার বিষয়ে জোর দেন। সাম্প্রতিক সময়ে কতিপয় প্রতিষ্ঠান সঠিক সময়ে বীমা দাবী পরিশোধ না করায় এ সেক্টরের সুনাম নষ্ট হয়। এ সেক্টরে সুশাসন নিশ্চিত করা না গেলে এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে না। এক্ষেত্রে বীমাখাতের আস্থা ফিরিয়ে আনতে সকলের সর্বোচ্চ প্রচেষ্টার পাশাপাশি বীমা প্রতিষ্ঠানসমূহের প্রকিউরমেন্টে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের বিষয়ে সাবধান থাকার জন্য এবং এক্ষেত্রে যাতে মানিলন্ডারিংয়ের কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার জন্য পরামর্শ দেন।

অনুষ্ঠানের সভাপতি আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন, এফসিএ বলেন, বীমাখাতে গ্রাহক পর্যায়ে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি কম থাকলেও বীমাখাতে ক্ষেত্র বিশেষে ওভার ইনভয়েসিং এক্সপেন্ডিচার এর কারণে অবৈধ অর্থের সৃষ্টি হতে পারে যা মানিলন্ডারিং এর মাধ্যমে বিদেশে পাচার হতে পারে। তিনি এ খাতে সুশাসন নিশ্চিতকরণের মাধ্যমে টেকসই উন্নয়নের জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের উপর জোর দেন। এ খাতে কোনরূপ সন্দেহজনক লেনদেন সংঘটিত হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি জোরদারকরণের পরামর্শ প্রদান করেন।

সম্মেলনে সকলের উপস্থিতিতে ২টি আলোচনা সভাসহ ৪টি পেপার উপস্থাপনা করা হয়। সম্মেলনে পেপার উপস্থাপকরা বীমাখাতে মানিলন্ডারিংয়ের বিভিন্ন ক্ষেত্রসূমহ, সমস্যা, সম্ভাবনা, ঝুঁকি ও চ্যালেঞ্জ তুলে ধরেন। প্যানেলিস্টরা স্ব স্ব প্যানেলের মডারেটরদের সঞ্চায়নায় অত্যন্ত কার্যকর এবং প্রাণবন্ত আলোচনা করেন। এ বিষয়ে সম্মেলনে উপস্থিত কর্মকর্তারা বিভিন্ন প্রশ্ন রাখেন। ফিডব্যাক সেশনে বিএফআইইউ ও আইডিআরএ’র পক্ষ হতে বীমা কোম্পানিসমূহে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিশ্লেষণমূলক তথ্য উপাত্ত উপস্থাপনা করা হয়।

আইডিআরএ’র পক্ষ থেকে শাহ আলম বীমা প্রতিষ্ঠানের জন্য পালনীয় সকল নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। বিএফআইইউ’র উপমহাব্যস্থাপক সৈয়দ কামরুল ইসলাম তাদের প্রতিষ্ঠানের পরিচালিত এএমএল, সিএফটি বিষয়ক সিস্টেম চেক পরিদর্শনে পরিলক্ষিত দুর্বলতা রেটিং এবং বিগত ক্যামেলকো সম্মেলন ২০১৯ এর সুপারিশসমূহের বাস্তবায়নে অগ্রগতির বিষয়ে আলোচনা করেন। ফিডব্যাক সেশনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স ও সানলাইফ ইন্স্যুরেন্সের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাবৃন্ধ এ সম্মেলনে অর্জিত জ্ঞান তাদেরকে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ক্রাইম থেকে উত্তরণের সহায়ক হবে মর্মে আশাবাদ ব্যক্ত করে সম্মেলনের কার্যকারিতা ও বাস্তবধর্মী নিরীক্ষণ নিয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।

এছাড়া দুদিনের সম্মেলনে মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের সুপারিশ এবং ফিডব্যাক বিবেচনায় নিয়ে আগামী বছরে পরিপালনের জন্য গৃহীত সুপারিশসমূহ বিএফআইইউ’র মহাব্যবস্থাপক এ বি এম জহুরুল হুদা ঘোষণা করেন।

তিনি বলেন, বীমা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটিকে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংক্রান্ত ঝুঁকি প্রতিরোধে বীমা প্রতিষ্ঠানের গৃহীত ব্যবস্থাদির বিষয়ে এপ্রিল-২০২২ এর মধ্যে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটিতে একটি প্রতিবেদন উপস্থাপন করতে হবে এবং এ বিষয়ে বিএফআইইউ ও আইডিআরএকে অবহিত করতে হবে।

বীমা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ ও ব্র্যাঞ্চ কন্ট্রোল বিভাগ কর্তৃক শাখা ও ইউনিট পর্যায়ে পরিচালিত পরিদর্শনে আবশ্যিকভাবে মে-২০২২ এর মধ্যে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ সংশ্লিষ্ট বিষয়াদি অন্তর্ভুক্ত করতে হবে ।

মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে বীমা কোম্পানির প্রধান নির্বাহী ও ক্যামেলকোদের নিয়ে আগামী সেপ্টেম্বর-২০২২ এর মধ্যে একটি সম্মেলন আয়োজন করতে হবে।

বীমা প্রতিষ্ঠানসমূহ নিজ নিজ প্রতিষ্ঠানে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জুন-২০২২ এর মধ্যে শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ক্যামেলকো সম্মেলন আয়োজন করতে হবে । উক্ত সম্মেলনে বীমা প্রতিষ্ঠানের চিফ আন্ডাররাইটারগণ আবশ্যিকভাবে অংশগ্রহণ করবেন ।

ক্যামেলকো সম্মেলন-২০২১ এর সারসংক্ষেপ প্রস্তুত করে সকল ক্যামেলকো জানুয়ারি-২০২২ এর মধ্যে স্ব স্ব প্রতিষ্ঠানের সিসিইউ ও প্রধান নির্বাহীর নিকট প্রতিবেদন উপস্থাপন করতে হবে এবং প্রধান নির্বাহীর মন্তব্যসহ সারসংক্ষেপের কপি এক মাসের মধ্যে বিএফআইইউ ও আইডিআরএ’র নিকট প্রেরণ করবে।

বীমা প্রতিষ্ঠানে শাখা পর্যায়ের কর্মকর্তাদের মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কার্যক্রমের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অক্টোবর-২০২২ এর মধ্যে চট্টগ্রাম, খুলনা, যশোর এলাকায় আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করতে হবে ।

বীমা প্রতিষ্ঠানে কর্মরত যে সকল কর্মকর্তা অদ্যাবধি মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কোনো প্রশিক্ষণ গ্রহণ করেনি তাদেরকে জুন-২০২২ এর মধ্যে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে ।

উপরিউক্ত সুপারিশসমূহের বিষয়ে গৃহীত পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন মে-২০২২ ও নভেম্বর-২০২২ বিএফআইইউ ও আইডিআরএ’র নিকট জমা দিতে হবে ।

সমাপনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন, এফসিএ সম্মেলনের দু’দিন ধরে আলোচিত বিষয়ের উপর সামগ্রিক আলোচনা করেন। সবশেষে অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান (দায়িত্বপ্রাপ্ত) মো. মাসুদ বিশ্বাস বীমা প্রতিষ্ঠানসমূহের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এ সম্মেলনের অর্জিত জ্ঞান বীমা প্রতিষ্ঠানসমূহে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে জোরদার ভূমিকা পালন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com