বিশেষ প্রতিনিধি
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ প্রিন্ট ৩৭৬ বার পঠিত
দাঙ্গা, ধর্মঘট, গণবিদ্রোহ বা সংগঠিত ক্ষয়ক্ষতির অগ্নি বীমা সুরক্ষা বাতিল করেছে রাষ্ট্রায়ত্ত পুনঃবীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন (এসবিসি)। ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিদেশি পুনঃবীমা প্রতিষ্ঠানগুলো অগ্নি পুনঃবীমা ট্রিটির আওতায় এ ধরনের ক্ষয়ক্ষতিতে বীমা সুরক্ষা না দেয়ায় এসবিসি এই সিদ্ধান্ত নিয়েছে।
এসবিসি’র এমন সিদ্ধান্তে দেশের নন-লাইফ বীমা খাতের কোম্পানিগুলো উদ্বেগ প্রকাশ করেছে। বিষয়টি সমাধানে অতি দ্রুত সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টি দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদ। ব্যাংক বীমা অর্থনীতিকে তিনি বলেছেন, দেশের জন্য বিদেশি পুনঃবীমা প্রতিষ্ঠানগুলোর এই সিদ্ধান্ত মঙ্গলজনক নয়। এটি খুবই উদ্বেগের একটি বিষয়। এটি আমাদের ব্যবসা বাণিজ্যকে ঝুঁকিতে ফেলবে। বিষয়টি সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বিআইএ একটি চিঠি পাঠাচ্ছে।
বিআইএ’র সদ্য বিদায়ী প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ পাভেল বলেন, বিদেশি পুনঃবীমা প্রতিষ্ঠানগুলো এই প্রথম বাংলাদেশের ব্যাপারে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তারা প্রিমিয়াম বাড়িয়ে, কমিশন কমিয়েও বিকল্পভাবেও বীমা সুরক্ষা দিতে পারত। কিন্তু এ ধরনের সিদ্ধান্তে ব্যবসায়ীদের জন্য ঝুঁকি বেড়ে গেল। এই সমস্যা সমাধানে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সূত্র জানায়, ৭ এপ্রিল দেশের সব নন-লাইফ বীমা কোম্পানিকে বিষয়টি অবহিত করে চিঠি পাঠায় সাধারণ বীমা। ‘২০২৫-২০২৬ সানের অগ্নি পুনঃবীমা চুক্তির ক্ষেত্রে ধর্মঘট, দাঙ্গা, গণবিদ্রোহ ও সংগঠিত ক্ষয়ক্ষতির ঝুঁকি বর্জন প্রসঙ্গে’ শীর্ষক ওই চিঠিতে এসবিসি’র পুনঃবীমা বিভাগের ডেপুটি জেনারেল মানেজার মোঃ সহিদুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ২০২৪ সনে বাংলাদেশে সংঘটিত বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বৈদেশিক পুনঃবীমাকারীগণ সাধারণ বীমা কর্পোরেশনকে ২০২৫-২০২৬ সনের ( ১ এপ্রিল ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬) অগ্নি পুনঃবীমা ট্রিটির আওতায় ধর্মঘট, দাঙ্গা, গণবিদ্রোহ ও সংগঠিত ক্ষয়ক্ষতির ঝুঁকির কভারেজ প্রদান করে নাই। বিধায় দেশীয় বেসরকারী বীমা কোম্পানীসমূহের ক্ষেত্রে ২০২৫-২০২৬ সনের অগ্নি পুনঃবীমা ট্রিটিতে ধর্মঘট, দাঙ্গা, গণবিদ্রোহ ও সংগঠিত ক্ষয়ক্ষতির ঝুঁকির কভারেজ অন্তর্ভুক্ত থাকবে না। ২০২৫-২০২৬ সনের অগ্নি পুনঃবীমা কভার নোটে ধর্মঘট, দাঙ্গা, গণবিদ্রোহ ও সংগঠিত ক্ষয়ক্ষতির কভারেজ বর্জন হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।
উল্লেখিত বিষয়টি আপনাদের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’
Posted ০৯:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com