নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট ৫৬৮ বার পঠিত
বীমা কোম্পানিগুলোর অর্থনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন প্রবিধানমালা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সম্প্রতি এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে “বীমাকারীর রাজস্ব হিসাব, লাভ-ক্ষতি হিসাব ও স্থিতিপত্র প্রবিধানমালা, ২০২৫” কার্যকর করার ঘোষণা দেয়া হয়।
প্রবিধান অনুযায়ী, প্রতিটি বীমা কোম্পানিকে ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) কর্তৃক প্রণীত ও জারিকৃত মানদন্ড মেনে হিসাবপত্র প্রস্তুত করতে হবে। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, লাভ-ক্ষতি ও রাজস্ব হিসাব, স্থিতিপত্র এবং শেয়ারহোল্ডার ও পলিসিহোল্ডারদের তহবিল সংরক্ষণ হিসাব যথাযথভাবে উপস্থাপন করতে হবে।
এ ছাড়া, কোনো প্রতিষ্ঠান একসাথে প্রচলিত বীমা ব্যবসা ও ইসলামী বীমা ব্যবসা পরিচালনা করলে, তাদের প্রতিটি খাতের হিসাব আলাদাভাবে প্রদর্শন করতে হবে।
অর্থনীতিবিদ ও আর্থিক খাত বিশ্লেষকরা মনে করছেন, নতুন এই প্রবিধানমালা বীমা খাতে অনিয়ম ও তথ্য গোপন বন্ধে কার্যকর ভূমিকা রাখবে। নতুন প্রবিধানমালা কার্যকর হলে কোম্পানির প্রকৃত আর্থিক চিত্র স্পষ্ট হবে, যা বিনিয়োগকারী ও গ্রাহকদের আস্থা বাড়াবে।
প্রবিধানমালার মূল লক্ষ্য হলো বীমা খাতে সুশাসন প্রতিষ্ঠা করা। এতে শেয়ারহোল্ডার ও পলিসিহোল্ডারদের স্বার্থ আরও সুরক্ষিত হবে।
বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপের ফলে বীমা কোম্পানিগুলোর আর্থিক জবাবদিহিতা বৃদ্ধি পাবে, আন্তর্জাতিক মানদন্ডের সাথে সামঞ্জস্য আসবে এবং দীর্ঘমেয়াদে খাতটির প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা নিশ্চিত হবে।
প্রবিধানমালার ৩ নং প্রবিধানে বলা হয়েছে, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল কর্তৃক সময় সময় প্রণীত ও জারীকৃত বীমাকারীর জন্য প্রযোজ্য ফাইনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডসমূহ অনুসরণপূর্বক (ক) লাভ-ক্ষতি ও রাজস্ব; (খ) স্থিতিপত্র; এবং (গ) শেয়ার গ্রহীতা এবং পলিসি হোল্ডারগণের তহবিল সংরক্ষণ -হিসাবসমূহ প্রস্তুত করতে হবে।
ইসলামী বীমা ব্যবসার হিসাবের বিষয়ে ৪ নং প্রবিধানে বলা হয়েছে, বীমা আইনের ধারা ৭ এর অধীন বীমা পরিচালনাকারী একইসাথে প্রচলিত বীমা ব্যবসা ও ইসলামি বীমা ব্যবসা পরিচালনা করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক অনুমতি প্রাপ্ত হলে প্রবিধান ৩ এর বিধান পরিপালনপূর্বক প্রচলিত বীমা ব্যবসার হিসাব পৃথকভাবে রাজস্ব হিসাব, লাভ-ক্ষতির হিসাব ও স্থিতিপত্রে উপস্থাপন করতে হবে।
Posted ০১:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন