নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ প্রিন্ট ৪১৫ বার পঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শীর্ষ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের অন্যতম দায়ী ব্যক্তি মেসার্স সাসকো টেক্স (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিয়ার রহমান দিপু ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানের পরিচালক পাপিয়া রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর পল্লবী ডিওএইচএস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
আজ (রোববার) তাদের আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ব্যাংকের তথ্য অনুযায়ী, সাসকো টেক্স (বিডি) লিমিটেডের কাছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উত্তরা মডেল টাউন শাখার অবলোপনকৃত খেলাপি পাওনা প্রায় ১৬৪ কোটি টাকা। তাদের বিরুদ্ধে দায়ের করা ১০টি ফৌজদারি মামলার মধ্যে ৮টিতে এক বছর করে ৮ বছর এবং দুটিতে তিন মাস করে ৬ মাস, মোট ৮ বছর ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। এসব মামলায় তাদের বিরুদ্ধে ৮০ কোটি টাকা জরিমানাও ধার্য করা হয়েছে।
দীর্ঘদিন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক থাকার পর শনিবার দিপু ও পাপিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ব্যাংকের পাওনা আদায়ে করা অর্থঋণ মামলা থেকে উদ্ভূত অর্থজারী মামলাও চলমান রয়েছে।
Posted ০৮:১৭ অপরাহ্ণ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com