মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বীমা ব্যবসা নিবন্ধন ফি বাড়িয়ে সংশোধিত বিধিমালা বাতিল চেয়ে নোটিশ

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২০ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ৭০ বার পঠিত

বীমা ব্যবসা নিবন্ধন ফি বাড়িয়ে সংশোধিত বিধিমালা বাতিল চেয়ে নোটিশ

দেশের বীমা কোম্পানিগুলোর নিবন্ধন নবায়ন ফি বাড়িয়ে-সম্প্রতি সংশোধিত বিধিমালা বাতিলের দাবিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা জনস্বার্থে এ নোটিশ পাঠিয়েছেন।

ওই নোটিশে গত ৪ ফেব্রুয়ারি জারি করা ‘বীমা ব্যবসা নিবন্ধন ফি’ বিধিমালার সংশোধনী অবিলম্বে বাতিল এবং ২০১৮ সালের গেজেট অনুযায়ী ফি কাঠামো পুনর্বহালের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে যেসব বীমা কোম্পানি পূর্বের নিয়ম অনুযায়ী ফি পরিশোধ করেছে, তাদের লাইসেন্স দ্রুত নবায়নের নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ২০১৮ সালের গেজেট অনুযায়ী প্রতি হাজারে ১ টাকা হারে নিবন্ধন ফি নির্ধারিত ছিল, যা বীমা খাতের জন্য একটি ভারসাম্যপূর্ণ কাঠামো হিসেবে বিবেচিত। কিন্তু ২০২৬ সালের সংশোধনীতে এ হার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, যা ১৫০ থেকে ৫০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির শামিল এবং তা অর্থনৈতিকভাবে অযৌক্তিক।

এতে আরও বলা হয়, কোম্পানিগুলো ২০২৫ সালের মধ্যেই তাদের নবায়ন ফি পরিশোধ করলেও ২০২৬ সালের নিয়ম প্রয়োগ করা বেআইনি।

নোটিশে সতর্ক করা হয়, এ ধরনের ফি বৃদ্ধি বীমা কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত করবে, ফলে গ্রাহকরা বোনাস থেকে বঞ্চিত হতে পারেন এবং বাজারে তারল্য সংকট তৈরি হতে পারে।
এছাড়া আইডিআরএ-কে নিজস্ব ব্যয় নির্বাহের জন্য জনসাধারণের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে সরকারের আর্থিক সহায়তার ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

নোটিশে ৭ দিনের মধ্যে চারটি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। এগুলো হলো—
১) সংশোধিত ফি বাস্তবায়ন স্থগিত করা,
২) পূর্বের নিয়মে লাইসেন্স নবায়ন করা,
৩) সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া এবং
৪) ২০১৮ সালের ফি কাঠামো বহাল রাখা।

নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
×

Posted ০৮:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com