অনলাইন ডেস্ক
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট ৪৯৫ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের আত্মসাতকৃত ২৪০ কোটি টাকা উদ্ধারে কোনো অগ্রগতি নেই। আত্মসাতকারী ৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হলেও অর্থ উদ্ধারে আর কোনে দৃশ্যমান তৎপরতা নেই বর্তমান পরিচালনা পর্ষদের।
জানা যায়, প্রাইম ইসলামি লাইফের স্থায়ী আমানত বন্ধক রেখে কোম্পানির পরিচালকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে এসব অর্থ আত্মসাৎ করা হয়েছে। এরমধ্যে পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের নামে ২০৫ কোটি ৩৭ লাখ টাকা ও ১৫ কোটি ৩৭ লাখ টাকা; স্টারলিং ডেনিমসের নামে ২ কোটি টাকা; স্টারলিং ক্রিয়েশন লিমিটেডের নামে ৩ কোটি টাকা; টেক ম্যাক্স লিমিটেডের নামে ৫ কোটি, ব্লু ক্রিয়েশনের নামে ৫ কোটি টাকা, বাংলা লায়ন কমিউনিকেশনের নামে ৯ কোটি ৮৬ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে।
এই ৬ প্রতিষ্ঠানের মধ্যে বাংলা লায়ন কমিউনিকেশনের বিরুদ্ধে ২০২৩ সালের জানুয়ারিতে মামলা দায়ের করা হয়। বাকি ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল ২০২০ সালের বিভিন্ন সময়ে। তবে এখনো উচ্চ আদালতে এসব মামলা চলমান রয়েছে।
জানতে চাইলে প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম জানান, পিএফআই সিকিউরিটিজের বিরুদ্ধে দায়েরকৃত মামলার (নং১০৯/২০) সর্বশেষ শুনানি হয়েছে ২০২৩ সালের ১১ ডিসেম্বর। পরবর্তীতে কোর্ট এখতিয়ার পরিবর্তন হওয়ায় নতুন ক্ষমতাপ্রাপ্ত কোর্টে মামলাটি শুনানির তালিকায় আনতে পদক্ষেপ নেয়া হচ্ছে। পিএফআই সিকিউরিটিজের বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলায় (নং১৬৪/২০) সর্বশেষ শুনানির তারিখ ছিল ২০২৩ সালের ১২ মার্চ। পরবর্তীতে কোর্ট এখতিয়ার পরিবর্তন হওয়ায় নতুন ক্ষমতাপ্রাপ্ত কোর্টে মামলাটি শুনানির তালিকায় আনতে পদক্ষেপ নেয়া হচ্ছে।
স্টারলিং ক্রিয়েশন, টেক ম্যাক্স, ব্লু ক্রিয়েশন ও স্টারলিং ডেনিমসের বিরুদ্ধে দায়ের করা মামলার সর্বশেষ শুনানির তারিখ ছিল চলতি বছরের ২৫ আগস্ট। পরবর্তীতে কোর্ট এখতিয়ার পরিবর্তন হয় এবং বিবাদী পক্ষ নতুন আইনজীবী নিয়োগ করে। এই মুহূর্তে মামলাটি নিয়ে দুই পক্ষের আপোস বৈঠকের বিষয়ে পূর্ণাঙ্গ শুনানির জন্য অপেক্ষমাণ। এছাড়া বাংলা লায়নের বিরুদ্ধে দায়ের করা মামলার সর্বশেষ শুনানির তারিখ ছিল ২০২৪ সালের ১৪ জানুয়ারি। পরবর্তীতে কোর্ট এখতিয়ার পরিবর্তন হওয়ায় নতুন ক্ষমতাপ্রাপ্ত কোর্টে মামলাটি শুনানির তালিকায় আনতে পদক্ষেপ নেয়া হচ্ছে।
এত দিনেও প্রাইম লাইফের আত্মসাতকৃত অর্থ উদ্ধারে দৃশ্যমান কোনো অগ্রগতি কেন হলো না জানতে চাইলে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম বলেন, মামলাগুলোর শুনানি এগিয়ে নিতে আমরা চেষ্টা করছি। এগুলো সব সময়ই কার্যতালিকায় ছিল।
Posted ০৯:৫০ অপরাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com