বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০ প্রিন্ট ৬২৭ বার পঠিত
সংযুক্ত আরব আমিরাতের কাছে যুক্তরাষ্ট্রের প্রায় ২৩ বিলিয়ন ডলার মূল্যের যুদ্ধাস্ত্র বিক্রি আটকানোর দাবিতে একটি চিঠিতে সই করেছে ২৯টি অস্ত্র নিয়ন্ত্রণ এবং মানবাধিকার সংস্থা। তারা মার্কিন কংগ্রেসের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির বিশাল ওই চালান বাতিল করতে অনুরোধ জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি আটকানোর এ প্রচেষ্টার অন্যতম উদ্যোক্তা প্রজেক্ট অন মিডল ইস্ট ডেমোক্র্যাসির (পিওএমইডি) অ্যাডভোকেসি অফিসার সেথ বাইন্ডার বলেন, ‘আশা হচ্ছে, এসব অস্ত্র বিক্রি পুরোপুরি বন্ধ করা। যদি অল্প সময়ের মধ্যে না হয়, তবে সেটি আসন্ন বাইডেন প্রশাসনকে গুরুত্বপূর্ণ সংকেত দেবে যে, বিভিন্ন সংস্থা এসব অস্ত্র সরবরাহের বিরুদ্ধে।’
ট্রাম্প প্রশাসনের চুক্তি অনুসারে, আমিরাতকে ৫০টি সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, বেসরকারি প্রতিষ্ঠান জেনারেল অ্যাটোমিকসের তৈরি অত্যাধুনিক ড্রোন এবং রেথিওনের তৈরি মিসাইলও সরবরাহ করা হবে আমিরাতের কাছে।
আগামী জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তরের আগেই পুরনো এ চুক্তির লেনদেন মিটিয়ে ফেলতে চান ডোনাল্ড ট্রাম্প। মূলত ইসরায়েলের সঙ্গে সম্পর্কোন্নয়ন চুক্তির অংশ হিসেবেই আমিরাতকে অত্যাধুনিক এসব অস্ত্র দিতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন।
তবে এ নিয়ে দ্বিমত দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যে। ইতোমধ্যেই তিন সিনেটর এ চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, অস্ত্র বিক্রির বড় চুক্তি আটকে দেয়ার প্রস্তাবনা উত্থাপনের ক্ষমতা রয়েছে সিনেটরদের। তবে সেটি কার্যকর হতে সিনেটের অনুমোদন পেতে হবে। যদিও, গত চার বছরে রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেটের ট্রাম্পের বিরুদ্ধে সিদ্ধান্ত দেয়ার রেকর্ড খুব একটা নেই। তাছাড়া, প্রস্তাবটিকে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদেও অনুমোদন পেতে হবে।
মার্কিন কংগ্রেস এবং স্বরাষ্ট্র বিভাগের কাছে মানবাধিকার সংস্থাগুলোর পাঠানো চিঠিতে বলা হয়েছে, ইয়েমেন এবং লিবিয়ায় যুদ্ধরত একপক্ষ আমিরাতের কাছে অস্ত্র বিক্রি হলে তা বেসামরিক নাগরিকদের ক্ষতি এবং মানবাধিকার সংকট আরও বাড়িয়ে তুলবে।
চিঠিতে আরও বলা হয়, প্রস্তাবিত অস্ত্র বিক্রি বহু পুরনো বৈদেশিক সহায়তা আইনের লঙ্ঘন, যেটাতে যুক্তরাষ্ট্রকে মানবাধিকার লঙ্ঘনকারী এবং মানবিক সহায়তায় বাধাদানকারীদের অস্ত্র ও নিরাপত্তা সহায়তা দেয়া নিষিদ্ধ করা হয়েছে।
চিঠিতে সই করা উল্লেখযোগ্য সংস্থাগুলোর মধ্যে রয়েছে কায়রো ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস স্টাডিজ (সিআইএইচআরএস), মোয়াতানা ফর হিউম্যান রাইটস, যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা আমেরিকানস ফর ডেমোক্র্যাসি, হিউম্যান রাইটস ইন বাহরাইন প্রভৃতি।
Posted ০৪:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com