|

Advertisement
×

এফএএস ফাইন্যান্স এমডির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা কেন্দ্রীয় ব্যাংকের

সোমবার, ০৭ জুন ২০২১   প্রিন্ট   ৬৪৭ বার পঠিত

এফএএস ফাইন্যান্স এমডির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা কেন্দ্রীয় ব্যাংকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত সমস্যায় জর্জরিত আর্থিক প্রতিষ্ঠান এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রীতিশ কুমার সরকারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৬ জুন) এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুসারে, এফএএস ফাইন্যান্সের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা ও তার কার্যবিবরণী চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রীতিশ কুমার সরকার দেশের বাইরে যেতে পারবেন না।

আর্থিক খাতে ব্যাপক লুটতরাজের জন্য কুখ্যাত প্রশান্ত কুমার (পি কে) হালদারের নিয়ন্ত্রণাধীন এফএএস ফাইন্যান্স লুটতরাজের শিকার হয়ে অনেকদিন ধরে ধুঁকছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটিকে উদ্ধার করার লক্ষ্যে গত ১ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে। এর চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে এনসিসি ব্যাংক ও মেঘনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিনকে। সাত সদস্য বিশিষ্ট পর্ষদে ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে, যাদের সবাই নতুন। উদ্যোক্তা তথা পিকে হালদারের মালিকানাধীন কোম্পানির পক্ষ থেকে পর্ষদে ২ জন সদস্য রাখা হয়েছে।

জানা গেছে, গত ৬ মে এফএএস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভায় এমডি প্রীতিশ কুমার সরকারকে চলতি মাসের ৭ জুন থেকে ২৪ জুন পর্যন্ত আমেরিকা যাওয়ার ছুটির অনুমোদন দেওয়া হয়। ব্যক্তিগত কাজে তিনি এই সময়ে আমেরিকায় অবস্থান করবেন বলে পর্ষদকে অবহিত করেন। তখন এফএএস ফাইন্যান্সের চেয়ারম্যান ছিলেন পি কে হালদারের ব্যবসায়িক অংশীদার মোঃ জাহাঙ্গীর আলম।

এফএএস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভায় এমডি প্রীতিশ কুমার সরকারকে বিদেশ যাওয়ার জন্য ছুটি দেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ বাংলাদেশ ব্যাংক কোম্পানিটির পুনর্গঠিত পর্ষদের চেয়ারম্যান নুরুল আমিনকে চিঠি দিয়েছে। এতে নতুন পর্ষদের প্রথম সভা অনুষ্ঠান ও তার কার্যবিবরণী অনুমোদন না হওয়া পর্যন্ত এমডি প্রীতিশ কুমারকে বিদেশ যাওয়ার জন্য ছুটি না দিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার প্রেক্ষিতে আজ অনুষ্ঠিত এফএএষ ফাইন্যান্সের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সভায় কোম্পানির এমডি প্রীতিশ কুমারের ছুটি বাতিল করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com