বিশেষ প্রতিবেদক
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ৬৪৯ বার পঠিত
জাতীয় বীমা নীতি-২০২৪ এর খসড়ায় ১০ বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের কাছে মতামত চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
জীবন বীমা খাতের পাঁচটি ও সাধারণ বীমা খাতের পাঁচটি কোম্পানির মুখ্য নির্বাহীর কাছে এই মতামত চাওয়া হয়েছে। আজ বুধবার পরিচালক (গবেষণা ও উন্নয়ন) সুবীর চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদেরকে মতামত প্রদানের অনুরোধ জানানো হয়েছে। ২০১৪ সালে প্রণীত জাতীয় বীমা নীতি অধিকতর পরিমার্জন/সংশোধন বা পরিবর্ধন করে নতুনভাবে প্রণয়নের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে আইডিআরএ’র চিঠিতে উল্লেখ রয়েছে।
জীবন বীমা খাতের কোম্পানি মেটলাইফ বাংলাদেশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি; সাধারণ বীমা খাতের গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি, রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি, সেনা ইন্স্যুরেন্স কোম্পানি ও প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহীর কাছে মতামত চেয়ে এই চিঠি পাঠানো হয়েছে।
এর আগে গত বছর ‘জাতীয় বীমা নীতি ২০২৩’ শিরোনামে একটি খসড়া নীতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। ওই সময় থেকেই সেটি সরকারের অনুমোদনের অপেক্ষায় ছিল। এরইমধ্যে আবারো নতুনভাবে জাতীয় বীমা নীতির খসড়া প্রণয়নের সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন এই বীমা নীতির খসড়ায় ৩৬টি কর্মপরিকল্পনা বা প্রধান প্রতিপালনীয় বিষয় নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের মধ্যে এগুলো বাস্তবায়ন করা হবে। দেশের সম্পদ ও জীবনের ঝুঁকির শতভাগ বীমার আওতায় নিয়ে আসা মিশন এবং জীবন, স্বাস্থ্য ও সম্পদের বিভিন্ন অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাকে এই বীমা নীতির রূপকল্প নির্ধারণ করা হয়েছে।
বীমা নীতিকে যুগোপযোগী এবং বীমা ব্যবসাকে ডিজিটালাইজড করাসহ বীমা খাতের বিদ্যমান অব্যবস্থাপনা ও অনিয়ম প্রতিরোধ করে বীমা সেবাকে দেশের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেয়া এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বীমার সুফল নিশ্চিত করাই নতুন বীমা নীতির লক্ষ্য।
একই সাথে জিডিপিতে বীমা খাতের অবদান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী ভিত্তি প্রদান করে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করাই নতুন বীমা নীতির উদ্দেশ্য।#
Posted ০৯:৪৮ অপরাহ্ণ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com