শুক্রবার ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডেল্টা হসপিটালের আইপিও বিডিংয়ে অনুমোদন

বিবিএনিউজ.নেট

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৬৯৯ বার পঠিত

ডেল্টা হসপিটালের আইপিও বিডিংয়ে অনুমোদন

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলন করবে ডেল্টা হসপিটাল লিমিটেড। এ পরিকল্পনার অংশ হিসেবে যোগ্য বিনিয়োগকারীদের বিডিংয়ের মাধ্যমে সাধারণ শেয়ারের প্রান্ত মূল্য (কাট-অফ প্রাইস) নির্ধারণ করা হবে। গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৮তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

সভায় ডেল্টা হসপিটালের সাধারণ শেয়ারের প্রান্ত মূল্য নির্ধারণের জন্য ইলেকট্রনিক বিডিংয়ে অংশ নিতে ইচ্ছুক যোগ্য বিনিয়োগকারীদের জন্য একটি শর্ত আরোপ করা হয়েছে। শর্ত অনুযায়ী, যেসব যোগ্য বিনিয়োগকারী বিডিংয়ে অংশ নিতে ইচ্ছুক, তাদের প্রত্যেকের বিডিং শুরুর দিনের পূর্ববর্তী পঞ্চম কার্যদিবস শেষে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজারমূল্যে ন্যূনতম ১ কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে।

আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকার তহবিল সংগ্রহ করবে ডেল্টা হসপিটাল। এ পুঁজি কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ব্যাংকঋণ পরিশোধ ও আইপিওর খরচ নির্বাহে ব্যয় করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। রেজিস্ট্রার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) সম্পদ পুনর্মূল্যায়নসহ ৫৪ টাকা ৮৪ পয়সা আর সম্পদ পুনর্মূল্যায়ন ছাড়া ১৬ টাকা ৬২ পয়সা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ১০ পয়সা। ভারিত গড়ে ইপিএস ১ টাকা ৯১ পয়সা।

একাশিয়া এসআরের ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদিত: গতকালের কমিশন সভায় বেমেয়াদি মিউচুয়াল ফান্ড ফার্স্ট একাশিয়া এসআরআইএম এসএমই গ্রোথ ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদিত হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা, যার মধ্যে উদ্যোক্তার অংশ ১ কোটি টাকা। বাকি ৯ কোটি টাকা সব ধরনের বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ, যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে একাশিয়া এসআর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়া ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে সেন্টিনেল ট্রাস্টি অ্যান্ড কাস্টডিয়াল সার্ভিসেস লিমিটেড। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

Facebook Comments Box
×

Posted ০১:২৭ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com