বিবিএ নিউজ.নেট
শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২ প্রিন্ট ৩৪৫ বার পঠিত
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনোনীত হয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বীমা কোম্পানিটির বর্তমান চেয়ারম্যান ড. রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের নাম অনুমোদন দেয়া হয়। একইসঙ্গে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় শেখ কবির হোসেনকে। বীমা কোম্পানিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসি সূত্রে জানা যায়, ফারইস্ট ইসলামী লাইফের প্রায় ২০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠান জুপিটার বিজনেস লিমিটেড, যার শেয়ার ৯.৯০ শতাংশ এবং ট্রেডনেক্সট ইন্টারন্যাশনাল লিমিটেড, যার শেয়ার ৯.৯১ শতাংশ। এই প্রেক্ষিতে কোম্পানিটির পরিচালনা পর্ষদে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান দু’টিকে অন্তর্ভুক্ত করতে পর্ষদ পুনর্গঠন করে সংস্থাটি।
নিয়ন্ত্রক সংস্থাটির এ সংক্রান্ত গত ৩ ফেব্রুয়ারির চিঠি থেকে আরো জানা যায়, ফারইস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদে বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানের পাঁচজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর উদ্যোক্তা পরিচালকদের মধ্যে থাকছেন আমানত শাহ লুঙ্গির মালিক হেলাল মিয়া ও ফারইস্ট সিকিউরিটিজ। বাকি ছয়জনই স্বতন্ত্র পরিচালক।
স্বতন্ত্র পরিচালকদের মধ্যে রয়েছেন, বিআইএ প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের প্রভোস্ট ও রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক লাফিফা জামাল, সাবেক সংস্কৃতি সচিব ইব্রাহিম হোসেন খান, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষক মো. রফিকুল ইসলাম এবং ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক।
এর আগে ২০২১ সালের ১ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ অপসারণ করে নতুন ১০ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) । বিনিয়োগকারী, পলিসিহোল্ডার এবং সামগ্রিক পুঁজিবাজারের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেয় বিএসইসি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ ড. মো. রহমত উল্লাহকে বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করে পুনর্গঠিত পরিচালনা পর্ষদ। ড. মো. রহমত উল্লাহ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য এবং বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক।
Posted ০৩:৫৭ অপরাহ্ণ | শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন