নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ প্রিন্ট ৩৩৭ বার পঠিত
দেশের বীমা খাতের সার্বিক সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে দেশের সব লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে বসছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি বুধবার আইডিআরএ’র পরিচালক (প্রশাসন) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে।
নোটিশটি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্টসহ সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।
বীমা আইন ২০১০-এর সংশোধিত খসড়া নিয়ে অংশীজনদের আপত্তি এবং ‘বীমাকারীর রেজুলেশন অধ্যাদেশ’ চূড়ান্ত হওয়ার প্রেক্ষাপটে এমন এক সময়ে এই উচ্চপর্যায়ের মতবিনিময় সভা হচ্ছে। গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত অংশীজন সভায় বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদ বীমা কোম্পানির চেয়ারম্যানদের নিয়ে আলাদা পরামর্শ সভার প্রস্তাব দেন। আইডিআরএ তাতে সম্মতি জানিয়ে মাত্র এক দিনের নোটিশে সভার আয়োজন করে।
তবে স্বল্প সময়ের নোটিশে সব চেয়ারম্যানের অংশগ্রহণ নিশ্চিত করা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সভায় সুনির্দিষ্ট এজেন্ডা না থাকলেও নন-লাইফ বীমা ব্যবসায় এজেন্ট কমিশন বাতিলের নীতিগত সিদ্ধান্ত, বীমা আইন সংশোধন এবং রেজুলেশন অধ্যাদেশ—এই তিনটি বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে বলে সূত্র জানিয়েছে।
এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) অংশীজনদের সঙ্গে বৈঠকে নন-লাইফ বীমা খাতে এজেন্ট কমিশন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেয় আইডিআরএ। আগামী ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। একই তারিখ থেকে নন-লাইফ কোম্পানিগুলোর এজেন্ট লাইসেন্সও স্থগিত করা হবে।
বিআইএ’র আবেদনের পরিপ্রেক্ষিতে নেয়া এই সিদ্ধান্ত বাস্তবায়নে আইডিআরএ শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও কমিশন বাতিলের বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। এছাড়া বাণিজ্যিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও বিষয়টি নিয়ে বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে।
আইডিআরএ জানায়, নন-লাইফ বীমা বাজারে স্বচ্ছতা বৃদ্ধি, অনিয়ম হ্রাস ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে অংশ নেওয়া একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, এজেন্ট লাইসেন্স স্থগিত হলেও প্রয়োজনে নন-লাইফ কোম্পানিগুলো উন্নয়ন কর্মকর্তা নিয়োগ দিতে পারবে বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
Posted ০৭:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com