|

Advertisement
×

ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির নিট সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ৫০ বার পঠিত

ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির নিট সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

ব্যাংক-কোম্পানির মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো কোম্পানি তার নিট সম্পদের পরিমাণের বেশি মূল্যমানের শেয়ার কোনো একক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না। ইতিমধ্যে কোনো কোম্পানির ব্যাংকের শেয়ারে বিনিয়োগ নির্ধারিত সীমা ছাড়িয়ে থাকলে সার্কুলার জারির তারিখ থেকে ছয় মাসের মধ্যে তা সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।

একই সঙ্গে শেয়ারধারক কোম্পানির পক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদে মনোনীত ‘প্রতিনিধি পরিচালক’ নিয়োগের ক্ষেত্রেও নতুন শর্ত আরোপ করা হয়েছে। এসব নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানির মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, শেয়ারধারক কোম্পানির আর্থিক সক্ষমতার তুলনায় অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ কমানো, পরিচালনা পর্ষদে প্রতিনিধি পরিচালকদের ভূমিকা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানি তার নিট সম্পদের চেয়ে বেশি মূল্যমানের শেয়ার কোনো একক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না। এখানে ব্যাংকের শেয়ারের মূল্য নির্ধারণে ক্রয়মূল্যকে বিবেচনা করা হবে। ফলে কোনো কোম্পানির ব্যাংক খাতে শেয়ার বিনিয়োগ তার নিজস্ব আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার বাধ্যবাধকতা তৈরি হলো।

এ ছাড়া সার্কুলার জারির আগে কোনো কোম্পানি এক বা একাধিক ব্যাংক-কোম্পানির যে পরিমাণ শেয়ার ধারণ করে, তা নির্ধারিত সীমার বেশি হলে ছয় মাসের মধ্যে অতিরিক্ত শেয়ার বিক্রি করে সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।

প্রতিনিধি পরিচালক নিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। কোনো শেয়ারধারক কোম্পানির পক্ষে ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদে মনোনীত প্রতিনিধি পরিচালককে সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অথবা পরিচালক হতে হবে। অর্থাৎ, ব্যাংকের পর্ষদে শেয়ারধারক কোম্পানির প্রতিনিধিত্ব করবেন এমন ব্যক্তির সঙ্গে ওই কোম্পানির সরাসরি মালিকানা বা পরিচালনাগত সম্পর্ক থাকতে হবে।

তবে শুধু ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হলেই প্রতিনিধি পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া যাবে না। মনোনয়নের আগে সংশ্লিষ্ট ব্যক্তির নিজ নামে শেয়ারধারক কোম্পানিতে নির্দিষ্ট পরিমাণ দায়মুক্ত মালিকানা থাকতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি যদি তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক বা ব্যবস্থাপনা পরিচালক হন, তাহলে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ২ শতাংশ তার নিজ নামে দায়মুক্ত মালিকানা থাকতে হবে। অন্যদিকে, অন্যান্য কোম্পানির ক্ষেত্রে তার নিজ নামে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ২০ শতাংশ দায়মুক্ত মালিকানা থাকতে হবে।

প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে পুরো সময়জুড়ে এই মালিকানা বজায় রাখার বাধ্যবাধকতাও দেওয়া হয়েছে। ফলে প্রতিনিধি পরিচালক পদে থেকে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে ব্যক্তির মালিকানা সম্পর্ক বিচ্ছিন্ন করার সুযোগ থাকবে না।

এ ছাড়া কোনো ব্যক্তিকে শেয়ারধারক কোম্পানির পক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রতিনিধি পরিচালক হিসেবে নিয়োগ, পুনঃনিয়োগ বা পরিবর্তনের জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। এ অনুমোদনের আবেদন করার সময় মনোনীত ব্যক্তির সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানিতে মালিকানা বা স্বত্ব থাকার প্রমাণক দলিল অবশ্যই সংযুক্ত করতে হবে।

সার্কুলার জারির আগে ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে যারা প্রতিনিধি পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন, তাদের পুনঃনিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও নির্দেশ দিয়েছে, এসব বিষয় ব্যাংক-কোম্পানির পরিচালকদের অবগতির জন্য পর্ষদ সভায় উপস্থাপন করতে হবে। পাশাপাশি ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও শেয়ারধারকদের কাছেও নির্দেশনাগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব নির্দেশনা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

নতুন এ ব্যবস্থার ফলে ব্যাংকের শেয়ারধারক কোম্পানির বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রাখার পাশাপাশি ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রতিনিধিত্বকারী ব্যক্তির মালিকানা সম্পর্কও স্পষ্ট করার বাধ্যবাধকতা তৈরি হলো।

Facebook Comments Box

Posted ০৭:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com