নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ প্রিন্ট ৮৬১ বার পঠিত
রূপালী লাইফ ইন্স্যুরেন্সে বিশেষ নিরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহার, আর্থিক জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগের বিষয়ে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়ার পর এই সিদ্ধান্তের কথা জানালো আইডিআরএ।
জানতে চাইলে নিয়ন্ত্রক সংস্থাটির পরামর্শক (গণমাধ্যম এবং যোগাযোগ) সাইফুন্নাহার সুমি জানান, রূপালী লাইফ ইন্স্যুরেন্সে বিশেষ নিরীক্ষা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আইডিআরএ। কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তার বিষয়ে যেসব অভিযোগ এসেছে বিশেষ নিরীক্ষার মাধ্যমে তা যাচাই করা হবে।
এর আগে গত ২২ জুলাই অর্থমন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানকে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের সিইও’র বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়। মোঃ জয়নাল আবেদীন নামে একজন ব্যক্তির অভিযোগ আমলে নিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই নির্দেশনা দেয়।
চিঠিতে বলা হয়, ‘বিভিন্ন অংশীজনের নিকট হতে এ বিভাগে তার প্রতিষ্ঠান সম্পর্কিত স্ব-ব্যাখ্যাত আবেদনসমূহ পাওয়া গেছে। এমতাবস্থায় দাখিলকৃত স্ব-ব্যাখ্যাত আবেদনসমূহ ও প্রাপ্ত দলিলাদি এ সাথে প্রেরণপূর্বক বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
Posted ০৮:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন