বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ প্রিন্ট ৪৪৫ বার পঠিত
সম্প্রতি বাংলাদেশের জন্য ভালো খবর দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলতি বছরে অর্থাৎ ২০২০ সালে সবচেয়ে বেশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জন করা বিশ্বের শীর্ষ তিন দেশের একটি হবে বাংলাদেশ। প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৮ শতাংশ। বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে শুধু গায়ানা ও দক্ষিণ সুদান। সম্প্রতি প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকে এ পূর্বাভাস দেয়া হয়েছে।
তবে আইএমএফ অর্থবছর ধরে নয়, পঞ্জিকাবর্ষ ধরে অর্থাৎ জানুয়ারি-ডিসেম্বর সময়ের প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়। এবার পঞ্জিকাবর্ষ ধরে এ হিসাব করলেও সেটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বব্যাপী করোনার মূল আঘাত ২০২০ সালের প্রায় পুরোটা জুড়ে রয়েছে। সামনের এ কয় মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফ-বিশ্বব্যাংকের যৌথ বার্ষিক সভাটি এবার অনলাইনে অনুষ্ঠিত হয়। সভার অংশ হিসেবেই আইএমএফ ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুক প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে মাত্র ২২টি দেশের জিডিপির প্রবৃদ্ধি ইতিবাচক হবে। এর মানে, জিডিপি বাড়বে। ওই ২২টি দেশের একটি বাংলাদেশ। বাকি সব দেশের জিডিপি সংকুচিত হবে, প্রবৃদ্ধি নেতিবাচক হবে। যুক্তরাষ্ট্র, ভারত, জার্মানি, যুক্তরাজ্য, জাপানের মতো বড় অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধি নেতিবাচক হবে বলে মনে করছে এই বহুজাতিক দাতা সংস্থা।
আইএমএফের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২২ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ৪ শতাংশ হবে। ২০২৫ সালে তা ৭ দশমিক ৩ শতাংশে উন্নীত হবে। এর মানে মোটামুটি করোনার আগের অবস্থায় ফিরে যেতে আরো চার বছর অপেক্ষা করতে হবে। এ খবরে আমাদের সম্ভাবনার কথা থাকলেও আশঙ্কার দিকটি উড়িয়ে দেয়া ঠিক হবে না।
এছাড়া এসব সূচক অনেক সময় সামগ্রিক জনজীবনে প্রতিফলিত হয় না। কাগজ-কলমে অনেক কিছু থাকলেও বাস্তবে দেখা যায় না। তাই আমরা যদি আত্মতুষ্টিতে অতিমাত্রায় ভুগতে থাকি সেটিও হবে বাস্তবতা বিবর্জিত কাজ। এ ধরনের কাজ সামগ্রিক অর্থনীতির দিকনির্দেশক নাও হতে পারে। এটিকে অর্থবহ করে তুলতে হলে আমাদের সাধারণ মানুষের জীবন মানের দিকেই বেশি গুরুত্ব দিতে হবে।
Posted ০১:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com