বিশেষ প্রতিবেদক
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ প্রিন্ট ৪৩১ বার পঠিত
আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মোহাম্মদ আলমগীর চৌধুরীর নিয়োগ প্রস্তাব অনুমোদন করেনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কর্তৃপক্ষের ১৭৭ তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে কোম্পানিটির চেয়ারম্যানকে দেয়া এ সংক্রান্ত এক চিঠিতে জানানো হয়েছে। একইসঙ্গে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্নপদের অভিজ্ঞতাসম্পন্ন একজন কর্মকর্তাকে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করে নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করতে বলা হয়েছে।
গত ৯ জানুয়ারি ইস্যু করা কর্তৃপক্ষের পরিচালক সালেহীন তানভীর গাজী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা-২০১২-এর আলোকে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মোহাম্মদ আলমগীর চৌধুরীর নিয়োগের অনুমোদন প্রস্তাবের বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ১৭৭তম সভায় আলোচনা হয়। সভায় তার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স হতে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রস্তাবিত আলমগীর চৌধুরীর নিয়োগ অনুমোদনের আবেদন, তার দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতার সনদ, কর্তৃপক্ষ দ্বারা তার পূর্বের দুটি কর্মক্ষেত্র হতে তদন্তপূর্বক প্রাপ্ত প্রতিবেদনসমূহের আলোকে জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে শিক্ষাগত যোগ্যতার সনদ সংগৃহীত হয়েছে প্রতীয়মান হওয়ায় সিইও পদে নিয়োগ প্রস্তাব না-মঞ্জুর করা হলো।’
চিঠিতে আরও বলা হয়, ‘এমতাবস্থায়, বীমা আইন, ২০১০-এর ৮০ (৪) ধারা মোতাবেক কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ একাধারে ৩ মাসের অধিক সময়ের জন্য শূন্য রাখা যাবে না বিধায় ৩ মাস পূর্তির ১৫ দিন পূর্বে ‘বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা-২০১২’ অনুযায়ী যোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তার নিয়োগ প্রস্তাব এবং মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্নপদের অভিজ্ঞতা সম্পন্ন একজন কর্মকর্তাকে মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করে (প্রমাণকসহ) কর্তৃপক্ষ বরাবর প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এর আগে গত ৩১ ডিসেম্বর আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সিইও পদে মোহাম্মদ আলমগীর চৌধুরীর নিয়োগ অনুমোদনের আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় হাইকোর্ট।
মুখ্য নির্বাহীর চলতি দায়িত্বে থাকা মোহাম্মদ আলমগীর চৌধুরীর রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।
রিট আবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৮ জানুয়ারি আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ১৬ তম পর্ষদ সভায় মোহাম্মদ আলমগীর চৌধুরীকে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে তিন বছরের জন্য নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। ওই সিদ্ধান্তের আলোকে নিয়োগ অনুমোদনের জন্য আইডিআরএ চেয়ারম্যান বরাবর অনুরোধপত্র পাঠান কোম্পানিটির চেয়ারম্যান শেখ শামীম উদ্দীন। আবেদনের প্রেক্ষিতে ওই বছরের ১৪ মার্চ নিয়োগ চুক্তির কিছু শর্ত সংশোধনের জন্য চিঠি পাঠায় আইডিআরএ। যা সংশোধন করে ৩ এপ্রিল পুনরায় আবেদন করে আকিজ তাকাফুল। এর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর ২৩ অক্টোবর আলমগীর চৌধুরীর শিক্ষা সনদের আইনগত প্রমাণকসহ আবেদন করতে চিঠি দেয় আইডিআরএ।
৩০ অক্টোবর প্রমাণক দাখিলের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও মুখ্য নির্বাহী পদে আলমগীর চৌধুরীর নিয়োগ অনুমোদনের আবেদন নিষ্পত্তি না করে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে আইডিআরএ।#
Posted ০৭:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com