অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ প্রিন্ট ৩৮১ বার পঠিত
স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মাকছুদুর রহমানের নামে থাকা ৪০ লাখ টাকার দুটি সঞ্চয়পত্র হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পর মঙ্গলবার ঢাকা মহানগরের দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, সিআইডির পক্ষে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের এসআই নাফিজুর রহমান সঞ্চয়পত্র হিসাব অবরুদ্ধের জন্য আবেদন করেন।
আবেদনে বলা হয়, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের উত্তরা শাখা থেকে স্বদেশ লাইফ ইন্স্যুরেন্সের নামে থাকা এফডিআর লিয়েন রেখে ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে পর্যায়ক্রমে মোট ১০ কোটি ২১ লাখ ১৭ হাজার ৮৬২ টাকা ঋণ নেন মাকছুদুর রহমান। এরমধ্যে ২০১৯ সালের ২৮ মার্চ চার কোটি টাকা, ৩১ মার্চ এক কোটি টাকা, ১ এপ্রিল চার কোটি টাকা, ৯ এপ্রিল ৫৯ লাখ ৪২ হাজার ৮৬২ টাকা, ২০২০ সালের ১৮ মে ৪৬ লাখ টাকা, একই বছরের ৫ নভেম্বর ১৫ লাখ ৭৫ হাজার টাকা ঋণ নেন। পরে তিনি ওই অর্থ আত্মসাতের উদ্দেশ্যে উত্তোলন করে ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা যায়।
সিআইডি আরও জানায়, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্যপর্যালোচনায় মাকছুদুর রহমানের নামে ফেনী জেলায় ৪০ লাখ টাকার দুটি সঞ্চয়পত্র ক্রয়ের তথ্য পাওয়া গেছে। সঞ্চয়পত্র দুটি ভাঙিয়ে টাকা উত্তোলনের ঝুঁকি থাকায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে হিসাব দুটি অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। #
Posted ০৭:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com