বিশেষ প্রতিবেদক
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ প্রিন্ট ৪৭০৩ বার পঠিত
নন-লাইফ বীমা খাতের ৪৫ কোম্পানিতে বিশেষ নিরীক্ষা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ইতিমধ্যে অন্তত ২০ টি কোম্পানিতে নিরীক্ষক নিয়োগ দিয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তাদের চিঠি দিয়েছে আইডিআরএ। যার অনেকগুলো কোম্পানিতে নিরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে বলে সূত্র জানিয়েছে। পর্যায়ক্রমে অন্য কোম্পানিগুলোতেও নিরীক্ষা চালানো হবে। কোম্পানিগুলোর ২০২৩ সালের ব্যবসায়িক বিবরণ খতিয়ে দেখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই নিরীক্ষা চালাচ্ছে আইডিআরএ।
আইডিআরএ’র নির্দেশনা অনুযায়ী, কোম্পানিগুলোর ২০২৩ সালের আর্থিক বিবরণী, প্রিমিয়াম সংগ্রহ, জমা, ফেরত বা পলিসি বাতিল, পুনঃবীমা, ডাটাবেসের নির্ভুলতা, সম্পদ এবং ব্যবস্থাপনা ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধি-প্রবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না নিরীক্ষা প্রতিষ্ঠানগুলো তা খতিয়ে দেখবে। একইসঙ্গে তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সংগৃহীত প্রিমিয়াম গোপন করে আত্মসাত, ভুয়া বীমা দাবি পরিশোধ দেখিয়ে অর্থ আত্মসাত, ভুয়া নিয়োগ দেখিয়ে কমিশনের নামে অর্থ আত্মসাতের বিষয়ও খতিয়ে দেখবে নিরীক্ষা প্রতিষ্ঠানগুলো। নিরীক্ষা শুরুর ৬০ দিনের মধ্যে নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রতিবেদন জমা দিতে হবে। কোম্পানিগুলোতে বিশেষ নিরীক্ষক নিয়োগের বিষয়ে জানতে চাইলে আইডিআরএ’র মিডিয়া এন্ড কমিউনিকেশন পরামর্শক সাইফুন্নাহার সুমি ব্যাংক বীমা অর্থনীতিকে বলেন, ‘বীমা কোম্পানিগুলোতে নিরীক্ষা পরিচালনা আইডিআরএ’র নিয়মিত কার্যক্রমের অংশ। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই নন লাইফ বীমা খাতের সব কোম্পানিতে পর্যায়ক্রমে এই নিরীক্ষা পরিচালনা করা হবে। ২০২৩ সালের ব্যবসায়িক কার্যক্রম খতিয়ে দেখতে নিরীক্ষার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ একাধিক নন লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাও ব্যাংক বীমা অর্থনীতিকে বিশেষ নিরীক্ষক নিয়োগ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
এর আগে ২০২২ সালের ব্যবসায়িক কার্যক্রম খতিয়ে দেখতে নন লাইফ বীমা কোম্পানিগুলোতে বিশেষ নিরীক্ষা পরিচালনা করে আইডিআরএ। ওই নিরীক্ষায় বেশ কিছু কোম্পানির নানা অনিয়ম, দুর্নীতি উঠে আসে। পরবর্তীতে এসব কোম্পানিকে জরিমানা আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে ৫১টি অডিট ফার্ম বা নিরীক্ষা প্রতিষ্ঠান প্যানেলভুক্ত রয়েছে। বীমা আইন, ২০১০ এর আওতায় বাংলাদেশে বীমা ব্যবসারত সকল বীমা কোম্পানির বিশেষ নিরীক্ষাসহ কর্তৃপক্ষের প্রয়োজন অনুযায়ী তদন্ত, সম্পত্তি মূল্যায়ন, কোম্পানি মূল্যায়ন ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য এই তালিকাভুক্ত করা হয়েছে।
তালিকাভুক্ত অডিট ফার্মগুলো হলো- হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং, স্নেহাসিস মাহমুদ অ্যান্ড কোং, হানিফ ও আরিফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, হক ভট্যাচার্জি দাস অ্যান্ড কোং, এম এম রহমান অ্যান্ড কোং, হাওলাদার ইউনুস অ্যান্ড কোং, অনিল সালাম ইদ্রিস অ্যান্ড কোং, এম. শহীদুল ইসলাম অ্যান্ড কোং, কাজী জাহের খান অ্যান্ড কোং, ইউএইচওয়াই সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং, বসু ব্যানার্জী নাথ অ্যান্ড কোং, খান ওহাব শফিক রহমান অ্যান্ড কোং, এ ওহাব অ্যান্ড কোং, আহমেদ যাকের অ্যান্ড কোং, টি হুসেন অ্যান্ড কোং, মালেক সিদ্দিকী ওয়াল, জি. কিব্রিন অ্যান্ড কোং, এ হক অ্যান্ড কোং, আশরাফ উদ্দিন অ্যান্ড কোং, রহমান রহমান হক, ইসলাম জাহিদ এন্ড কোং, শফিক বসাক অ্যান্ড কোং, হোসেন ফরহাদ অ্যান্ড কোং, এইচএম এনাম অ্যান্ড কোং, রহমান আনিস এন্ড কোং, আহসান মঞ্জুর অ্যান্ড কোং, এস. এফ. আহমেদ অ্যান্ড কোং, এস. কে. বড়ুয়া অ্যান্ড কোং, আজিজ হালিম খায়ের চৌধুরী, মাহামুদ সবুজ অ্যান্ড কোং, নুরুল ফারুক হাসান অ্যান্ড কোং, রহমান মোস্তফা আলম অ্যান্ড কোং, মসিহ মুহিত হক অ্যান্ড কোং, অক্টোখান, ইসলাম আফতাব কামরুল অ্যান্ড কোং, কে.এম. হাসান অ্যান্ড কোং, পিনাকি অ্যান্ড কোং, এম আই চৌধুরী অ্যান্ড কোং, ফেমস এবং আর, আলী জহির আশরাফ অ্যান্ড কোং, এম.জে. আবেদীন অ্যান্ড কোং, ম্যাক অ্যান্ড কোং, হাওলাদার মারিয়া অ্যান্ড কোং, কে.এম. আলম অ্যান্ড কোং, মাহফেল হক অ্যান্ড কোং, ইসলাম কাজী শফিক অ্যান্ড কোং, আতিক খালেদ চৌধুরী, অরুণ অ্যান্ড কোম্পানি, শিরাজ খান বসাক অ্যান্ড কোং, হাবিব সারওয়ার ভূঁইয়া অ্যান্ড কোং এবং একনাবিন। দেশে মোট ৮২টি বীমা কোম্পানি রয়েছে, যার মধ্যে ৩৬টি জীবন বীমা এবং ৪৬টি নন-লাইফ বীমা কোম্পানি। এদের মধ্যে উভয় খাতের ৫৮টি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে।
Posted ০৯:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com