নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১১ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১২ বার পঠিত
ডেঙ্গুর বিস্তার রোধে আগামী তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় ব্যাংকের সব ধরনের স্থাপনায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। রোববার (১১ অক্টোবর) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখতে প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, প্রশিক্ষণকেন্দ্র ও এটিএম বুথসহ সব স্থাপনায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্প্রতি ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক মানুষ এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা, বৃষ্টির পানি জমে থাকা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এডিস মশার প্রজননক্ষেত্র বাড়ছে। এ পরিস্থিতিতে মশার বংশবিস্তার রোধের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ভবনের ছাদ, গ্যারেজ, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফ্রিজ, পানির ট্যাংক ও রান্নাঘর নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি পরিত্যক্ত ফুলের টব, অব্যবহৃত কৌটা, পুরোনো টায়ার, প্লাস্টিকের বোতলসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো অপসারণ করতে হবে। এসব স্থানে যাতে এডিস মশা বংশবিস্তার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
ব্যাংকের কার্যালয়ের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনেও পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মস্থল ও আশপাশের এলাকায় প্রয়োজন অনুযায়ী মশা নিধনের ওষুধ ছিটানো এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।
এ ছাড়া গ্রাম, শহর ও নগর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমে পৌরসভা ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি ও স্থানীয় প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে ব্যাংকগুলোকে।
বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে।
Posted ০৭:০৭ অপরাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com