নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১৭ বার পঠিত
বেসিক ব্যাংকের আমানত চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় পাঁচ হাজার কোটি টাকা আমানত বেড়েছে। ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা বাড়ার প্রতিফলন হিসেবে আমানতের এই বৃদ্ধিকে দেখছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। এই আস্থা ধরে রাখতে গ্রাহকসেবার মান বাড়ানো এবং খেলাপি ঋণ আদায়ে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি মিলনায়তনে বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেলাল আহমেদ চৌধুরী বলেন, ‘একসময় বেসিক ব্যাংক নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। সম্মিলিত প্রচেষ্টায় সেই সংকট মোকাবিলা করে ব্যাংকটিকে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। একসময় যে ব্যাংক অন্যদের কাছ থেকে ঋণ নিত, এখন সেই ব্যাংক দেশীয় ও বৈদেশিক মুদ্রায় বাজারে ঋণ দিচ্ছে।’
ব্যাংকের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার ওপর গুরুত্বারোপ করেন চেয়ারম্যান। বিশেষ করে বাংলা কিউআর (কুইক রেসপন্স) সেবার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
খেলাপি ঋণ আদায়ের বিষয়ে হেলাল আহমেদ চৌধুরী বলেন, ‘ব্যাংকিংয়ের প্রচলিত নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করে খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম আরও জোরদার করতে হবে। এ জন্য আইনি প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’ পাশাপাশি নতুন করে খেলাপি ঋণ সৃষ্টি রোধ, সুশাসন নিশ্চিত করা এবং স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
লোকসানি শাখাগুলোকে লাভজনক শাখায় রূপান্তরের মাধ্যমে ব্যাংকের আয় বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান চেয়ারম্যান। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে পরিপালনের তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের উন্নয়নে কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি নতুন করে খেলাপি ঋণ সৃষ্টি রোধ, স্বল্প সুদে আমানত সংগ্রহ বৃদ্ধি এবং কমিশনসহ সুদবহির্ভূত আয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
শেখ ফরিদ বলেন, ‘বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের দেওয়া নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।’
সরকারের অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা ও ব্যাংকের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল শাখা পর্যায়ে সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেন। ব্যাংকের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার করতে নিয়মিত সমন্বয় সভা আয়োজনের পরামর্শ দেন তিনি।
ব্যাংকের আরেক পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব মুন্সি আব্দুল আহাদ ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের পাশাপাশি সব শ্রেণির গ্রাহককে সমান গুরুত্ব ও সম্মানের সঙ্গে সেবা দেওয়ার আহ্বান জানান। কোনো গ্রাহক যেন অবহেলার শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে নতুন ঋণ বিতরণ ও খেলাপি ঋণ আদায়ে গুরুত্ব দেওয়ার কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক রুপ রতন পাইন দেশের ভালো ব্যাংকগুলোর অভিজ্ঞতা ও কার্যকর কৌশল কাজে লাগিয়ে বেসিক ব্যাংকের উন্নয়নের পরামর্শ দেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় ঋণ বিতরণ বাড়ানো এবং নতুন ঋণ দেওয়ার পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের তাগিদ দেন তিনি।
ব্যাংকের পরিচালক ও অবসরপ্রাপ্ত ব্যাংকার মো. খায়রুল কবির দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পসম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ দেন। স্থানীয় শিল্পের সম্ভাবনা বিবেচনায় ক্লাস্টারভিত্তিক পদ্ধতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল। অনুষ্ঠানে ব্যাংকের দুই উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাস ও মো. হাসান ইমাম, মহাব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শাখা ও উপশাখার ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।
Posted ০৮:৪৬ অপরাহ্ণ | শনিবার, ১০ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com