কামারুন-নাহার-মুকুল
রবিবার, ২৪ মে ২০২৬ প্রিন্ট ২০৩ বার পঠিত
আজ ২৪ মে, বহুমাত্রিক প্রতিভার অধিকারী আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ইহলোক ত্যাগ করেন। মকবুল হোসেন ছিলেন একজন সফল সাংসদ, শিল্পপতি, আইনজীবী, সমাজসেবক ও রাজনীতিবিদ। ছিলেন বীর মুক্তিযোদ্ধা।
আলহাজ্ব মকবুল হোসেন ১৯৫০ সালে ১৫ মার্চ মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের টঙ্গীবাড়ী উপজেলার ডুলিহাটা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৭২ সালে এমএ, এরপর এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালে দ্বিতীয়বার তাকে কারাবরণ করতে হয়। ১৯৯০ সালের গণআন্দোলন ও গণঅভ্যুথানের একজন সফল সংগঠক ছিলেন। ছাত্রজীবন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।
১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৎকালীন ঢাকা-৯ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে তিনি পরাজিত হন। এরপর আর নির্বাচনে অংশগ্রহণ করেননি। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র এ্যাডভোকেট এবং ঢাকা বার এসোসিয়েশনের আজীবন সদস্য ছিলেন।
মকবুল হোসেন বহু আর্থিক প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানসহ ঔষধ শিল্পের সফল উদ্যোক্তা ছিলেন। ব্যবসা-বাণিজ্যের সকল শাখায় তার ছিল গভীর জ্ঞান। প্রতিষ্ঠা করেছেন সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানি ছাড়াও মধুমতি ব্যাংক, সন্ধানী লাইফ ফাইন্যান্স লি., সন্ধানী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লি., এ্যামিকো ল্যাবরেটরিজ, পান্না টেক্সটাইল (স্পিনিং) মিলস লি., মোনা গ্রুপ অব গার্মেন্টস ইন্ড্রাস্ট্রীজ, দৈনিক আল-আমীন পত্রিকা। তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম সিটি ইউনিভার্সিটি, আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল, এম. এইচ. ডেন্টাল ইউনিট কলেজ, মোহাম্মদপুর ইসলামিক সেন্টার, হাফেজিয়া জামিয়া মাদ্রাসা, মোহাম্মদ আলী গলবাহার হাসপাতাল। এ সকল প্রতিষ্ঠান তিনি দক্ষ হাতে দৃঢ়তার সাথে পরিচালনা করেছেন।
বাংলাদেশের জীবন বীমা সেক্টরে সন্ধানী লাইফের অনন্য মাত্রা আনয়নের সফল কারিগর এই আজন্ম স্বপ্নবাজ মানুষটি। তার দৃঢ় বুদ্ধিমত্তায় প্রতিষ্ঠানটি ইন্স্যুরেন্স সেবায় শীর্ষ নাম। বীমাকে জনপ্রিয় করা এবং বীমার প্রতি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সন্ধানী লাইফ হতে বীমা দাবী পরিশোধের অনুষ্ঠান বাধ্যতামূলক করেন। জনগণের মধ্যে বীমার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে পলিসি বোনাসের হার সর্বোচ্চ করার কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন; যার ধারাবাহিকতায় আজ সন্ধানী লাইফ অধিক হারে গ্রাহকদের পলিসি বোনাস দিচ্ছে। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোতে অনেক বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।
আলহাজ্ব মকবুল হোসেন সরকারি-বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতা এবং সদস্য হিসেবে ব্যবসায়িক কাজে বিশ্বের প্রায় ৪৫টি দেশ ভ্রমণ করেন। তার কাজের মূল্যায়নের স্বীকৃতিস্বরূপ ভূষিত হয়েছেন অনেক পদকে। শের ই বাংলা জাতীয় স্বর্ণপদক পুরস্কার, বঙ্গবন্ধু জাতীয় স্বর্ণপদক পুরস্কার, শহীদ সোহরাওয়ার্দী জাতীয় স্বর্ণপদক পুরস্কার, বিচারপতি আবু সাঈদ স্বর্ণপদক পুরস্কার, শহীদ বদিউজ্জামান স্বর্ণপদক পুরস্কার, আমরা সূর্যমুখী স্বর্ণপদক পুরস্কার অর্জন করেছেন তিনি।
Posted ১০:০২ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com