নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৩ আগস্ট ২০২৬ প্রিন্ট ৩১ বার পঠিত
কর্মঘণ্টার বাইরে রাতে ন্যাশনাল ব্যাংক থেকে ২২ কোটি ৬০ লাখ টাকা লেনদেনের ঘটনায় অনুসন্ধানের অংশ হিসেবে ব্যাংকটির ১৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাদের আগামী ৪ আগস্ট সশরীরে উপস্থিত হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। সোমবার এ তথ্য জানা গেছে।
দুদকের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত চিঠি অনুযায়ী, তলব করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ন্যাশনাল ব্যাংকের দিলকুশা ও বনানী শাখার একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা, কোম্পানি সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা।
দুদক সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৮ ডিসেম্বর ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখা থেকে কর্মঘণ্টা শেষ হওয়ার পর রাত ৮টা ২৩ মিনিট থেকে ৯টা ৪ মিনিটের মধ্যে ২২ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করা হয়। অভিযোগ অনুযায়ী, ইনফ্রাটেক কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের কর্ণধার আলী হায়দার রতন ওই অর্থ গ্রহণ করেন। একই দিন বিকেলে ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির ঋণ নবায়নের সিদ্ধান্ত নেয় এবং সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সেই অনুমোদন শাখায় পৌঁছায়। এরপর রাতেই অর্থ উত্তোলনের সুযোগ তৈরি হয়।
এ ঘটনায় এর আগে হাইকোর্ট গুলশান করপোরেট শাখার ব্যবস্থাপকের কাছে ব্যাখ্যা তলবের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। আদালতের ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই দুদক অনুসন্ধান শুরু করে।
দুদকের তথ্য অনুযায়ী, ব্যাংকের পর্ষদের ৪৭৫তম সভায় ইনফ্রাটেক কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের ঋণ নবায়নের প্রস্তাব অনুমোদিত হয়। প্রস্তাবে উল্লেখ ছিল, প্রতিষ্ঠানটির সীমাতিরিক্ত ৪৭ কোটি ৮৫ লাখ টাকার ঋণপত্র খোলা হয়েছিল এবং অন্য ব্যাংকেও তাদের ঋণ খেলাপি অবস্থায় ছিল। ঋণ নবায়নের পরই প্রতিষ্ঠানটি ২২ কোটি ৬০ লাখ টাকা উত্তোলনের সুযোগ পায়।
দুদক বলছে, পুরো লেনদেন প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা অনুসন্ধানের অংশ হিসেবেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
Posted ০৫:০৫ অপরাহ্ণ | সোমবার, ০৩ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com