|

Advertisement
×

বাংলা নতুন বছরের সূচনা

সোমবার, ১৪ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ৪৬১ বার পঠিত

বাংলা নতুন বছরের সূচনা

আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন। প্রতি বছরের ন্যায় এবারও নানা আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর এক ভিন্নতর পরিবেশে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। মোঘল সম্রাট আকবরের আমলে প্রথম বাংলা সন গণনা শুরু হয়। মোঘল সম্রাটগণ চান্দ্র মানের হিসাব মোতাবেক রাজস্ব সংগ্রহ করতেন। কিন্তু চান্দ্র মাস প্রতি বছর ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। ফলে নির্দিষ্ট দিনে খাজনা আদায়ে সমস্যা দেখা দিচ্ছিল। সম্রাট আকবর বিষয়টি প্রত্যক্ষ করে এমন একটি হিসাব পদ্ধতি বের করতে চাইলেন যার মাধ্যমে প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে খাজনা আদায় করা সম্ভব হয়। মোঘল সম্রাট আকবর এই সমস্যা সমাধানের জন্য সাম্রাজ্যের সবচেয়ে জ্ঞানী জ্যোতিষ এবং চিন্তাবিদ ফতেহ্ উল্লাহ সিরাজীকে দায়িত্ব প্রদান করেন। ফতেহ্ উল্লাহ সিরাজী অনেক চিন্তা-ভাবনা করে বাংলা সনের উদ্ভাবন করেন। এ ক্ষেত্রে তিনি খৃষ্টাব্দ এবং হিজরী সনকে ভিত্তি হিসেবে গ্রহণ করেন। তার ভিত্তিতে বাংলা সন প্রবর্তন করা হয়। মূলত রায়তদের নিকট থেকে খাজনা আদায়ের জন্যই বাংলা সনকে ব্যবহার করা হতো। এ জন্য বাংলা সনকে ফসলী সনও বলা হয়। ১৫৮৫ খৃষ্টাব্দে বাংলা সনের উদ্ভাবন করা হয়। তবে সম্রাট আকবরের রাজ্যাভিষেকের দিন অর্থাৎ ১৫৫৬ সাল থেকে বাংলা সন গণনা শুরু হয়। সম্রাট আকবরের অন্যতম উদ্ভাবন হচ্ছে বাংলা সনের প্রতর্বন করা। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে রায়তগণ তাদের নিকট পাওনা খাজনা পরিশোধ করতেন। মোঘল আমলে রায়তগণ ছিলেন সরাসরি সম্রাটের প্রজা। তারা সম্রাটের নিকট থেকে জমি পত্তন গ্রহণ করতেন এবং বছরে একটি নির্দিষ্ট হারে সম্রাটকে খাজনা প্রদান করতেন। জমিদারগণ জমির মালিক ছিলেন না। তারা ছিলেন বংশানুক্রমিক রাজস্ব সংগ্রাহক মাত্র। সেই থেকে বাংলা সন অনুযায়ী রাজস্ব আদায় করা হতো। আজ থেকে ৫০/৬০ বছর আগেও হালখাতা অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের বকেয়া আদায় করতেন। বাংলা নববর্ষ এখন সর্বজনীন আনন্দ উৎসবে পরিণত হয়েছে। জাতি-ধর্ম নির্বিশেষে সবাই বাংলা নববর্ষ পালন করে থাকে। বাংলা নববর্ষকে কেন্দ্র করে দেশের সর্বত্র আনন্দ উৎসবের আয়োজন করা হয়। পুরনো বছরের ব্যর্থতা মুছে নতুন করে শপথ গ্রহণের দিন হচ্ছে পহেলা বৈশাখ।

 

Facebook Comments Box

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com