নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১১ জুলাই ২০২৬ প্রিন্ট ১৪ বার পঠিত
আজ ১১ জুলাই বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. এম জহিরের মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের এই দিনে তিনি থাইল্যান্ডের ব্যাংকক জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন।
১৯৩৯ সালে ২২ মে ড. এম জহির কলকাতার ভবানীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মুহাম্মদ আসির ঢাকা হাইকোর্টের খ্যাতিমান বিচারপতি ছিলেন। মাতা মরহুম হোসনে আরা আসির একজন দরদী সমাজসেবী ছিলেন। ড. এম জহির আত্মার শান্তির জন্য গান-বাজনা ভালোবাসতেন। তিনি বিশ্বাস করতেন, টেনিস না খেললে সুস্থ থাকা যায় না। তিনি ৩০ বছর ধরে ছোট ভাইয়ের টেনিস খেলার পার্টনার ছিলেন। তার আদি নিবাস কলকাতা হওয়ার সুবাদে হেমন্ত মুখোপাধ্যায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথেও সুসম্পর্ক ছিল।
এম জহির অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। ১৯৬২ সালে তিনি ঢাকা হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৬৪ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি, ১৯৬৫ সালে লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি এবং ১৯৬৬ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে কোম্পানি আইনে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতাও করেন। প্রায় ২০ বছর তিনি কোম্পানি আইনের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ১৯৭৪-৭৫ সালে তিনি অস্ট্রেলিয়ান অ্যাটর্নি জেনারেল অফিসের কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।
১৯৭৮ সালে তিনি ঢাকা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। উপমহাদেশে কোম্পানি আইনে তার সমকক্ষ আইনজীবী বিরল। কোম্পানি আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি বিভিন্ন সময়ে সরকারের কোম্পানি আইন সংস্কার কমিটির আহ্বায়ক ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। কোম্পানি আইনের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেও তিনি ছিলেন একজন সংবিধান বিশেষজ্ঞ। সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন না; তবে দেশের মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আইনি লড়াইয়ে তিনি সামনের সারিতে থেকেছেন। আইনজীবীদের মধ্যে প্রাণবন্ত ছিলেন তিনি। কোম্পানি আইনে তিনি একজন বিশেষজ্ঞ। তার লেখা কোম্পানি আইনের বইটি বিচারক ও আইনজীবীদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ও সমাদৃত। ৫০ বছর ধরে আইন অঙ্গনে বিচরণ করেছেন; দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন। বাংলাদেশের সব বারে তার ছাত্র রয়েছেন। ১৯৯৪ সালে দেশে প্রথম কোম্পানি আইন নিয়ে গঠিত জুরিবোর্ডের চেয়ারম্যান ছিলেন তিনি। ড. জহির আহসানিয়া মিশনের সঙ্গেও জড়িত ছিলেন।
Posted ০৬:১১ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com