নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ প্রিন্ট ৪৬০ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের প্রতিষ্ঠান সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত কোম্পানির ৩৩তম এজিএমে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোহাম্মদ মুসা। এ সময় কোম্পানির অন্যান্য পরিচালকসহ মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ আনোয়ার খান, ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. জাফর আলী, এফসিএস। এ সময় বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কোম্পানির সিইও।
সভায় পরিচালক ও বিনিয়োগকারীরা ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের বার্ষিক প্রতিবেদনের ওপর আলোকপাত করেন। এতে দেখা যায়, আলোচ্য বছর প্রতিষ্ঠানটির মোট প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৩৭ কোটি ৯৯ লাখ টাকা, যা আগের বছর ছিল ৩৬ কোটি ২১ লাখ টাকা। নিট প্রিমিয়াম দাঁড়িয়েছে ২৪ কোটি ৫৮ লাখ টাকায়, যা ২০১৯ সালে ছিল ২৩ কোটি ২৫ লাখ টাকা। তবে অবলিখন মুনাফার ক্ষেত্রে প্রতিষ্ঠানটিতে বড় উল্লম্ফন হয়েছে। আগের বছরের তুলনায় এক্ষেত্রে প্রায় দ্বিগুণ মুনাফা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। আলোচ্য বছরে অবলিখন মুনাফা হয়েছে ৮ কোটি ৯০ লাখ টাকা, যা আগের বছর ছিল ৪ কোটি ৫৯ লাখ টাকা।
এ ছাড়া শেয়ারহোল্ডার ইক্যুইটি ও মোট সঞ্চিতিও বেড়েছে বহুলাংশে। আলোচ্য বছরে শেয়ারহোল্ডার ইক্যুইটির পরিমাণ দাঁড়িয়েছে ১২৩ কোটি ৬৮ লাখ টাকা, যা আগের বছর ছিল ১১৬ কোটি ১৮ লাখ টাকা এবং মোট সঞ্চিতি দাঁড়িয়েছে ৫৮ কোটি ৯০ লাখ টাকায়, যা আগের বছর ছিল ৫৬ কোটি ৪৫ লাখ টাকা। একইসাথে বেড়েছে মোট সম্পদের পরিমাণ। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২০২ কোটি ৫১ লাখ টাকায়, যা আগের বছর ছিল ১৯৫ কোটি ৯৬ লাখ টাকা।
ব্যবসায়িক ক্ষেত্রে এমন অগ্রগতির ফলে আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) বৃদ্ধি পেয়েছে। সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ২ টাকা ১৮ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ২৫ টাকা ২ পয়সা, যা আগের বছর ছিল যথাক্রমে ২ টাকা ১৪ পয়সা ও ২৪ টাকা ৬৮ পয়সা।
উল্লেখ্য, আলোচ্য বছরের ব্যবসায়িক সাফল্যের ওপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য ৭ শতাংশ নগদসহ মোট সাড়ে ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। বার্ষিক সাধারণ সভার অন্যান্য কার্যসূচির সাথে যা বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
Posted ০৪:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com