কামারুন-নাহার-মুকুল
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ প্রিন্ট ৮ বার পঠিত
আজ ১৪ আগস্ট, বীমা জগতের কৃতী পুরুষ এ বি এম নূরুল কবিরের জন্মবার্ষিকী। ১৯৩৪ সালের এই দিনে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলাধীন ১নং পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমচড়া গ্রামের ঐতিহ্যবাহী মিয়া পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি।
এ বি এম নূরুল কবির একজন বড় মাপের মানুষ ছিলেন। চিন্তা কর্মে ছিলেন উদ্যমী ও চির তরুণ। খোলামন, বুদ্ধিদীপ্ত, রস-জ্ঞান, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও প্রজ্ঞা তাকে সমাজে বরণীয় আসনে অধিষ্ঠিত করেছে।
দক্ষিণ বরুমচড়া প্রাথমিক বিদ্যালয়ে (এম ই স্কুল) এ বি এম নূরুল কবিরের শিক্ষা জীবনের হাতেখড়ি। বানীগ্রাম সাধনপুর উচ্চবিদ্যালয়ে তিনি অধ্যয়ন করেছেন। তবে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়েছিলেন জলদী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। পরীক্ষায় উত্তীর্ণ হবার পর চট্টগ্রাম সরকারী কলেজে ভর্তি হন। শিক্ষা জীবন সমাপনের পর তিনি দক্ষিণ বরুমচড়া প্রাথমিক বিদ্যালয়ে কিছু সময়ের জন্য শিক্ষাকতা করেন।
১৯৫৫ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত তিনি ট্রাস্ট ব্যাংক অব পাকিস্তান এর চট্টগ্রাম শাখায় চাকরি করেন। ১৯৫৮ সালে তৎকালীন আদমজী ইন্স্যুরেনন্স কোম্পানি লিমিটেডে যোগদান করেন। ১৯৮৬ সালে তিনি উক্ত কোম্পানীতে মহা-ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। ১৯৮৭ সালের জানুয়ারি পর্যন্ত তিনি উন্নয়ন বিভাগে প্রধান এর দায়িত্ব পালন করেন। আদমজী ইন্স্যুরেনন্স কোম্পানি লিমিটেডে চাকুরিকালীন কৃতিত্বের জন্য তিনি একাধিকবার স্বর্ণপদক লাভ করেন।
পরবর্তীতে তিনি জনতা ইন্স্যুরেনন্স কোম্পানি লিমিটেডের চট্টগ্রাম জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। ১৯৮৩ সালে তিনি জনতা ইন্স্যুরেনন্স কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। প্রায় তিন বছর দু’মাস তিনি ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। আবার প্রতিষ্ঠান পরিবর্তন করে রূপালী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন। তার শেষ কর্মস্থল সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। সেখানেও তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রশাসন ও উন্নয়নের কাজে সমান দক্ষ ছিলেন।
ছয় দফা আন্দোলনকে জোরদার করার জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগে ছয়দফার কুপন বিক্রি করে তহবিল গঠনে বিশেষ ভূমিকা রাখেন। আগড়তলা মামলা চলাকালেও মামলার খরচের জন্য নিজে বন্ধু-বান্ধব ও সহকর্মীদের নিকট থেকে অর্থ সংগ্রহ করেছেন। তিনি স্বাধীনতা সংগ্রামের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং একজন মুক্তিযোদ্ধা ছিলেন।
তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। তিনি ঢাকাস্থ বাঁশখালী সমিতির উপদেষ্টা, চট্টগ্রাম সমিতির আজীবন সদস্য এবং দক্ষিণ বরুমচড়া গ্রাম জাগরণীর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। জীবদ্দশায় তিনি এলাকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থান ও দারিদ্র্যপীড়িত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
এ বি এম নূরুল কবির ১৯৯৬ সালের ৩ মার্চ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
Posted ১০:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com