কামারুন নাহার
শুক্রবার, ২২ মে ২০২৬ প্রিন্ট ২৫ বার পঠিত
আজ ২২ মে, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার উপদেষ্টা, বিশিষ্ট আইনজীবী ড. এম জহিরের জন্মবার্ষিকী। ১৯৩৯ সালের এই দিনে ড. এম জহির কলকাতার ভবানীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মুহাম্মদ আসির ঢাকা হাইকোর্টের খ্যাতিমান বিচারপতি ছিলেন। মাতা মরহুম হোসনে আরা আসির একজন দরদী সমাজসেবী ছিলেন।
ড. এম জহির ২০১৩ সালের ১১ জুলাই থাইল্যান্ডের ব্যাংকক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ক্যানসারের কাছে হার মেনে না ফেরার দেশে চলে যান।
ড. এম জহির ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬২ সালে ঢাকা হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ঢাকা হাইকোর্টে আইন পেশায় চর্চা শুরু করেন। ১৯৬৪ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে পিএইচডি করতে লন্ডনে যান এবং লন্ডন ইউনিভার্সিটি থেকে কোম্পানি আইন বিষয়ে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি লন্ডনের লিংকন্স ইন থেকে বার অ্যাট ল ডিগ্রী প্রাপ্ত হন। ১৯৭৪-৭৫ সালে তিনি অস্ট্রেলিয়ান অ্যাটর্নি জেনারেলের বিভাগে এবং অল্প সময়ের জন্য নিউ সাউথ ওয়েলস ল রিফর্ম কমিশনের জন্য কাজ করেন। প্যারিসের কোর্ট অব আরবিট্রেশন অ্যাট দি ইন্টারন্যাশনাল চেম্বার অব কর্মাসের সদস্য নির্বাচিত হন। ১৯৭৮ সালে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতাও করেন।
সংবিধান ও করপোরেট আইনজীবী হিসেবে তিনি দেশে ও বিদেশে বিশেষ খ্যাতি অর্জন করেন। কোম্পানি ও সিকিউরিটি আইনেও তিনি বিশেষ পারদর্শী ছিলেন। উপমহাদেশে কোম্পানি আইনে তার সমকক্ষ আইনজীবী বিরল। কোম্পানি আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি বিভিন্ন সময়ে সরকারের কোম্পানি আইন সংস্কার কমিটির আহ্বায়ক ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন না; তবে দেশের মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আইনি লড়াইয়ে তিনি সামনের সারিতে থেকেছেন। আইনজীবীদের মধ্যে সবচেয়ে প্রাণবন্ত ছিলেন তিনি। তার লেখা কোম্পানি আইনের বইটি বিচারক ও আইনজীবীদের কাছে সমাদৃত। ৫০ বছর ধরে আইন অঙ্গনে বিচরণ করেছেন; দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন। বাংলাদেশের সব বারে তার ছাত্র রয়েছেন। ১৯৯৪ সালে দিকে গঠিত জুরিবোর্ডের চেয়ারম্যান ছিলেন তিনি।
Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com