নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ প্রিন্ট ৪৩ বার পঠিত
ভার্চুয়াল প্ল্যাটফর্মে ১৬ জুন পূবালী ব্যাংক পিএলসি-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান। সভায় পরিচালক হাবিবুর রহমান, রুমানা শরীফ, আজিজুর রহমান, মো. আব্দুর রাজ্জাক মন্ডল, রানা লায়লা হাফিজ, মোস্তফা আহমদ, আরিফ আহমেদ চৌধুরী, ড. শাহিনুজ্জামান ইয়াকুব, কবির আহমেদ, সাজিদ আজাদ ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরীসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী, প্রধান আর্থিক কর্মকর্তা ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া এবং কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মো. আনিসুর রহমান সভায় সংযুক্ত ছিলেন।
সভায় ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদনের ভিত্তিতে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও ২০ শতাংশ বোনাস শেয়ারসহ মোট ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের অগ্রগতি ও উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের অবদানের প্রশংসা করেন।
সভায় চেয়ারম্যান মনজুরুর রহমান বলেন, বৈশ্বিক ও দেশীয় চ্যালেঞ্জের মধ্যেও পূবালী ব্যাংক ২০২৫ সালে সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা ও শক্তিশালী মূলধন ভিত্তির মাধ্যমে স্থিতিশীল অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, প্রস্তাবিত লভ্যাংশ ব্যাংকের আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি আস্থার প্রতিফলন।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী জানান, ২০২৫ সালে ব্যাংক শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময় মোট সম্পদ দাঁড়িয়েছে ১,১৮,০১৩ কোটি টাকা, আমানত ৮৯,৫১৯ কোটি টাকা এবং নিট মুনাফা ১,০৭৯ কোটি টাকা। তিনি জানান, নন-পারফর্মিং লোন (এনপিএল) অনুপাত ২.২০ শতাংশে রাখা সম্ভব হয়েছে, যা ব্যাংকের স্থিতিশীলতা নির্দেশ করে।
তিনি আরও জানান, ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে পূবালী ব্যাংকের পি ও ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় ব্যবহারকারী দাঁড়িয়েছে ৫.২৮ লাখ এবং এ মাধ্যমে ১.৮৬ কোটি লেনদেন সম্পন্ন হয়েছে। ব্যাংকের বিস্তৃত শাখা ও উপশাখা নেটওয়ার্ক, পয়েন্ট অব সেলস (পিওএস), সেলফ সার্ভিস ব্যাংকিং এবং অন্যান্য সেবার সমন্বয়ে একটি শক্তিশালী ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেম গড়ে তোলা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক, শেয়ারহোল্ডার এবং জাতীয় অর্থনীতিতে অবদান বাড়াতে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। সভা শেষে চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Posted ০৯:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com