Ad
x

বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব গোলাম মওলার মৃত্যুবার্ষিকী আজ

শনিবার, ০৪ জুলাই ২০২৬   প্রিন্ট   ২৯ বার পঠিত

বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব গোলাম মওলার মৃত্যুবার্ষিকী আজ

দেশের বীমাশিল্পের বিকাশে যাদের অগ্রণী ভূমিকা রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন গোলাম মওলা। আজ ৪ জুলাই সেই বিশিষ্ট বীমা ব্যক্তিত্বর মৃত্যুবার্ষিকী।

গোলাম মওলা ১৯২০ সালের ২৩ মার্চ ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার পিতা সিকান্দার আলী তালুকদার এবং মাতা শামসুননাহার বেগম। মাত্র ৬৩ বছরের আয়ুষ্কালে গোলাম মওলা জীবন ছিল নানামুখী কর্মে মুখর। তিনি কলকাতার প্রখ্যাত প্রেসিডেন্সি কলেজে অধ্যয়ন করেন। পরবর্তীকালে তদানীন্তন পূর্ব পাকিস্তানে বীমাশিল্প প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। স্বাধীন বাংলাদেশে তিনি ছিলেন সাধারণ বীমা করপোরেশনের প্রথম ব্যবস্থাপনা পরিচালক। তিনি ছিলেন একজন জনহিতৈষী এবং পরোপকারী ব্যক্তি।

গোলাম মওলা ছিলেন বন্ধুবৎসল। সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। পেশাগত জীবনে তিনি একজন নীতিবান ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। ভারতের ওরিয়েন্টাল ফাইন্যান্স ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদানের মাধ্যমে বীমাজগতে তার সংযোগ হয়। ১৯৬৬ সালে তিনি গ্রেট ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠা করেন। ব্যবসা জগতে সুপরিচিত জিএমজি গ্রুপের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। পরবর্তীকালে এটি আজিজ সাত্তারের নিকট বিক্রি হয়। মুক্তিযুদ্ধের পূর্বে তিনি এদেশের বীমাশিল্প সমৃদ্ধকরণে বিশেষ ভূমিকা পালন এবং এটিকে আরসিডি’র (ইরান, পাকিস্তান এবং তুরস্কের রিজিওনাল কো-অপারেশন ফর ডেভেলপমেন্ট) অন্তর্ভুক্তকরণের উদ্যোগ নেন। তিনি ১৯৭১-এ দেশত্যাগ করে লন্ডনে চলে যান। পরবর্তীকালে ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে আসেন। সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি জাতীয়করণকৃত বীমাশিল্পকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার আপ্রাণ চেষ্টা করেন। সমাজসেবায় তিনি আজীবন অনন্য ভূমিকা রাখেন। ১৯৬১-১৯৬২ সালে তিনি রোটারি ক্লাব অব ঢাকার সভাপতি ছিলেন। তিনি অমায়িক ব্যবহারের জন্য পরিচিতজনদের মাঝে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই ইন্তেকাল করেন।
গোলাম মওলাকে ইকনোমিক মিডিয়া অ্যাসোসিয়েশন ২০১৯ সালের ১১ মার্চ গুণীজন সম্মাননা (মরণোত্তর) প্রদান করে।

Facebook Comments Box

Posted ০৫:২৮ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com